ঢাকাSaturday , 20 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের মারধরে আসামির মৃত্যুর অভিযোগ

Link Copied!

Map-rungpurরংপুর প্রতিনিধি : রংপুরে পুলিশের অভিযানের সময় পরোয়ানাভুক্ত এক আসামির মৃত্যু হয়েছে। নিহতের পরিবার দাবি করেছে, পুলিশের মারধরে তার মৃত্যু হয়েছে।
শনিবার ভোর ৫টার দিকে নগরীর বীরভদ্র বালাটারি এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় তিন ঘণ্টা অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়। তবে মারধরে আসামির মৃত্যুর বিষয়টি পুলিশ অস্বীকার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বীরভদ্র বালাটারি এলাকার জনৈক ডাক্তার আব্দুর রশিদের ছেলে নুর নবীর (৩২) বিরুদ্ধে মোটরসাইকেল চুরির একটি মামলায় ওয়ারেন্ট ছিল। শনিবার ভোরে পুলিশ নুর নবীকে গ্রেপ্তার করতে তার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ নুর নবীকে আটক করে। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে।
দ্রুত তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, নুর নবীর মৃত্যুর খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখেন।
নুর নবীর স্ত্রী আরজিনা বেগম অভিযোগ করেন, ভোরে পুলিশ তার স্বামীকে ধরতে এসে বেদম মারধর করে। এ সময় বাড়িতে থাকা ৮০ হাজার টাকা ও বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় পুলিশ। পরে পুলিশের মারধরে সে জ্ঞান হারিয়ে ফেলে।’
আরজিনা বেগম বলেন, ‘শুক্রবার সকালে তিনি দুবাই থেকে রংপুরে আসেন। তার স্বামীরও দুবাইয়ের ভিসা হয়েছিল। কোরবানি ঈদের তিন দিন পর স্বামী-স্ত্রী দুজনের দুবাই যাওয়ার কথা ছিল।’ তিনি তার স্বামী হত্যার ন্যায়বিচার চান।
এ দিকে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘নুর নবীর বিরুদ্ধে মোটরসাইকেল চুরি মামলার ওয়ারেন্ট ছিল। পুলিশ দেখে ভয়ে হার্ট অ্যাটাকে নুর নবী মারা গেছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি।’