
যুব ঋণের চেক প্রদান করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার
নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৬ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আজ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে শোককে শক্তিতে পরিণত করে দেশ গড়ার কাজে এগিয়ে যাওয়ার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান।
শোক দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মধ্যে আত্মকর্মসংস্থান প্রকল্প গ্রহণের জন্য যুব ঋণের চেক প্রদান করা হয়। এ ঋণ প্রদান কর্মসূচির আওতায় সারাদেশে ৭ হাজার ৮শ’ ৮৬ জন যুবকে প্রায় ৩০ কোটি টাকা ঋণ প্রদান করা হবে।
এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের সকল পর্যায়ের কমকর্তা ও কর্মচারিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল আনুষ্ঠিত হয়।
ক্রীড়া পরিদপ্তরে শোক দিবস পালন : এদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরেও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ।

