ঢাকাMonday , 8 August 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বিএডিসি’র চেয়ারম্যানের মতবিনিময়

Link Copied!

badc2নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র দানাশস্য বীজ উৎপাদনে সম্পৃক্ত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আজ সোমবার রাজধানীর মতিঝিলস্থ কৃষি ভবনে মতবিনিময় করেছেন সংস্থাটির চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান। অনুষ্ঠানে সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) রওনক মাহমুদ, মহাব্যবস্থাপক (বীজ) আমিনুল ইসলাম, মহাব্যবস্থাপক (পাটবীজ) নুর মোহাম্মদ মন্ডল, ধান, গম ও ভুট্টার উন্নততর বীজ উৎপাদন ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রদীপ কুমার দে, বিএডিসি’র বীজ ব্যবস্থাপনা আধুনিকীকরণ ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক রিপন কুমার মন্ডল, কন্ট্রাক্ট গ্রোয়ার্স, বীজ উৎপাদন খামারসহ সংশ্লিষ্ট বিভাগের ঊধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তারা মানসম্পন্ন বীজের উৎপাদন বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ ও যথাসময়ে কৃষকের নিকট পৌঁছে দিতে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানের শুরুতে চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান মানসম্পন্ন দানাশস্য বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সরবরাহ বিষয়ে মাঠ পর্যায় থেকে আগত র্কমকর্তাসহ উপস্থিত কর্মকর্তাদের বক্তব্য আহ্বান করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাণবন্ত আলোচনায় উঠে আসে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা; পাশাপাশি সমস্যা সমাধানে তাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ গভীর মনোযোগ দিয়ে শোনেন বিএডিসি’র চেয়ারম্যান।
অনুষ্ঠানে কর্মকর্তারা সংশ্লিষ্ট বিভাগের কর্মকাণ্ড সুচারুরূপে পালনের লক্ষ্যে অর্থ, জনবল ও শ্রমিক সংকট নিরসনে আশু হস্তক্ষেপ কামনা করেন। বিএডিসি’র কয়েকটি বীজ উৎপাদন খামারে বাউন্ডারি ওয়াল নির্মাণসহ যানবাহন অপ্রতুলতার বিষয়টিও তুলে ধরা হয়। এছাড়া, চুক্তিবদ্ধ চাষিদের (কন্ট্রাক্ট গ্রোয়ার্স) যথাসময়ে বীজের মূল্য পরিশোধ, প্রশিক্ষণের ভাতাবৃদ্ধি, আধুনিক ও উন্নত বীজ গ্রেডিং মেশিন ক্রয়ের পরামর্শ দেন তারা। প্রতিকূলতা সহিষ্ণু জাতগুলো চাষিদের নিকট জনপ্রিয় করার জন্য অধিকসংখ্যক প্রদর্শনী, কন্ট্রাক্ট গ্রোয়ার্সের বড় জোনে বীজ প্রক্রিয়াজাতকরণ সংশ্লিষ্ট প্রশিক্ষণ প্রদানের জন্য গবেষণাগার নির্মাণের অনুরোধ জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) রওনক মাহমুদ বলেন, বিএডিসি’র কিছু সমস্যা যেমন আছে তেমনি অনেক সম্পদও আছে; সেই সম্পদের সুষ্ঠু ও সদ্ব্যবহারের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আসতে হবে। এ লক্ষ্যে উপস্থিত কর্মকর্তাদের আরো দায়িত্বশীল, আন্তরিক ও নিষ্ঠাবান হওয়ার অনুরোধ জানান তিনি। উত্থাপিত বিভিন্ন বিষয় সম্পর্কে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, বিএডিসি’র চলমান ও ভবিষ্যতের প্রতিটি প্রকল্পের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী খামারের বাউন্ডারি ওয়াল নির্মাণ, ভূমি উন্নয়ন ও আধুনিক যন্ত্রপাতি ক্রয়ের ব্যবস্থা থাকবে। কৃষক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী কৃষকের ভাতা ৪শ’ টাকার পাশাপাশি তাদের খাওয়া ও যাতায়াতের খরচ দেয়া হবে বলে জানান তিনি। বিভিন্ন খামারের অনাবাদী জমিকে ব্যবহারের আওতায় নিয়ে আসার পরামর্শ দেন তিনি। কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে উল্লেখ করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কৃষকদের সাথে আত্মিক বন্ধন গড়ে তোলার পরামর্শ দেন। এ সময় তিনি বলেন, কৃষককে ভাল বীজ যথাসময়ে দিতে পারলে বেসরকারি বীজ না নিয়ে তারা অবশ্যই বিএডিসি’র বীজ নিবে।
চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান বলেন, বিএডিসি বীজ উৎপাদন করে চাষিদের নিকট পৌঁছে দিচ্ছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কার্যক্রমে সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন। তিনি বলেন, উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন প্রায় ১৫-২০ শতাংশ বৃদ্ধি করা সম্ভব। এক্ষেত্রে মানসম্পন্ন নতুন বীজ উৎপাদনে বিএডিসি’র মুখ্য ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে নতুন জাতগুলো কৃষকদের নিকট জনপ্রিয় করে তোলার পরামর্শ প্রদান করেন তিনি। এ সময় নতুন প্রযুক্তি ও নতুন জাত ব্যবহারে উদ্বুদ্ধকরণের অনুরোধ জানিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি কৃষকদের সাথে যোগাযোগ বৃদ্ধির নির্দেশ দেন চেয়ারম্যান। এছাড়া, বিভিন্ন প্রদর্শনী ও প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি। এ সময় খামারগুলোতে নির্দিষ্ট মান ও যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে ভিত্তি বীজ উৎপাদনের নির্দেশনা প্রদান করে সংশ্লিষ্টদের অধিক আন্তরিক ও সচেতন হওয়ার অনুরোধ জানান তিনি। মাঠ পর্যায়ে যেসব সমস্যা চিহ্নিত হয়েছে সেগুলো সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মো. নাসিরুজ্জামান।