
চাষি পর্যায়ে সরবরাহকৃত পাট বীজের জাত বিশুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে গ্রো-আউট টেস্টের মাঠ দিবসে বিএডিসি’র এগ্রো সার্ভিস সেন্টার (এএসসি) বিভাগের মহাব্যবস্থাপক মো. নুরুল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)’র পাটবীজ বিভাগের আওতায় দিনাজপুরের নসিপুরস্থ ভিত্তি পাটবীজ খামারে গত ৬ আগস্ট গ্রো-আউট টেস্টের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে চাষি পর্যায়ে সরবরাহকৃত বীজের জাত বিশুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে এ গ্রো-আউট টেস্টের আয়োজন করা হয়। এদিন পাটের ৬টি জাতের ৯০টি লটের গ্রো-আউট টেস্ট করা হয়।
গ্রো-আউট টেস্ট উপলক্ষে আয়োজিত মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র এগ্রো সার্ভিস সেন্টার (এএসসি) বিভাগের মহাব্যবস্থাপক মো. নুরুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গম গবেষণা কেন্দ্রের পরিচালক নরেশ চন্দ্র দেব বর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটবীজ বিভাগের মহাব্যবস্থাপক নুর মোহাম্মদ মন্ডল। মাঠ দিবস শেষে বীজ পরীক্ষাগার (ঢাকা)’র যুগ্মপরিচালক আশুতোষ লাহিড়ীর নেতৃত্বে বিভিন্ন জোন/ভিত্তি পাটবীজ খামারের উৎপাদিত বীজের মান নিয়ে পর্যালোচনা করা হয়। পাটবীজ বিভাগের ব্যবস্থাপক (সদর দপ্তর) রাজেন আলী মন্ডল আগামীতে গ্রো-আউট টেস্টের মাঠ দিবসে কৃষি সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলোর স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার পরামর্শ দেন। মাঠ দিবসে পাটবীজ বিভাগের উপ-পরিচালক, যুগ্ম-পরিচালক ছাড়াও বিএডিসি’র বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

