বগুড়া প্রতিনিধি : আদমদীঘিতে মসজিদের ইমামের মাথা কেটে নেয়ার হুমকি দেয়া হয়েছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবির) নামে লেখা চিঠিটি মসজিদে ফেলে রাখা হয়। এঘটনায় আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা গেছে, আদমদীঘি উপজেলার চাঁপাপুর পুরাতন জামে মসজিদের ইমাম হাফেজ মোতাহার হোসেন রোববার সকালে মসজিদে গিয়ে হাতে লেখা একটি চিঠি দেখতে পান। মসজিদের ইমামকে উদ্দেশ্যে করে ওই চিঠিতে লেখা রয়েছে, “তুমি ইসলামের নামে ঝাড় ফুক দিয়ে এবং তাবিজ বিক্রি করে টাকা কামাই করো”, “তুমি তাবলীগ করো”, জেএমবি এখন জীবিত আছে। তোমাকে আগামী সাত দিনের মধ্যে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হবে। চিঠি পাওয়ার পরে মোতাহার আতঙ্কিত হয়ে পড়েন। তিনি বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। দুপুরে তিনি এঘটনায় আদমদীঘি থানায় সাধারন ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং-২৩২, তারিখ-০৭-০৮-১৬।
চাঁপাপুর পুরাতন জামে মসজিদের ইমাম হাফেজ মোতাহার হোসেনে জানান, চিঠি পেয়ে বিষয়টি তিনি মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের জানান, তাদের পরামর্শে থানায় জিডি করেন। এছাড়াও তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, এঘটনায় থানায় জিডি এন্ট্রি করে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি ইমাম সাহেবের নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।

