বিনোদন ডেস্ক : চারদিকে যখন সুপারস্টার সালমান খানের ‘সুলতান’ আর মেগাস্টার রজনীকান্তের ‘কাবালি’র জয়জয়কার, ঠিক সেসময়ে প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেল তুলনামূলক কম আলোচিত সিনেমা ‘ঢিসুম’। শুধু তাই না, বিশ্বব্যাপী মুক্তি পাওয়া সিনেমাটি এরইমধ্যে মাত্র তিন দিনে নির্মাণ খরচও উঠিয়ে নিল।
২০১১ সালে ‘দেশি বয়েজ’-এর পর আবারও সিনেমা নির্মাণে এই সময়ে বলিউডের জনপ্রিয় অভিনেতা বরুন ধাওয়ানের সহোদর রোহিত ধাওয়ান। খুব আলোচিত না হলেও গত শুক্রবার মুক্তি পেয়েই বক্স অফিস মাতিয়ে রাখছে তার দ্বিতীয় ছবি ‘ঢিসুম’। রোহিতের পরিচালনায় এবং সাজিদ নাদিওয়ালার প্রযোজনায় ছবিটি এরইমধ্যে মুক্তির তিন দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৬৫ কোটি রুপি। শুধু ভারতেই তিন দিনে ছবিটির আয় সোয়া ৩৭ কোটি রুপি।
চলতি বছরে আয়ের দিক থেকে সুলতান, ফ্যান, হাউজফুল ৩, এয়ারলিফট এবং বাঘির পর প্রথম সপ্তাহেই এমন দাপট দেখানো সিনেমাগুলোর মধ্যে ৬ষ্ঠ স্থানে অবস্থান ‘ঢিসুম-এর।
এই ছবির মধ্য দিয়ে প্রথমবার ভাইয়ের পরিচালনায় অভিনয় করলেন বরুন ধাওয়ান। আর তার সাথে আছে আরেক শক্তিমান অভিনেতা জন আব্রাহাম। ছবির গল্পে দেখা যাবে, জনপ্রিয় ভারতীয় এক ক্রিকেটার মধ্যপ্রাচ্য গিয়ে নিখোঁজ হন। তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপর দুই পুলিশ অফিসার আরব সাগর দিয়ে সেই ক্রিকেটারকে পেতে ছুটে যাবেন এবং ৩৬ ঘন্টার মধ্যে সেই মামলার সুরাহা করবেন। ছবিতে দুই পুলিশ অফিসার চরিত্রে দেখা যাবে জন আব্রাহাম এবং বরুন ধাওয়ানকে।
তিন হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ঢিসুম’ ছবিটি নির্মাণ করতে ব্যয় হয়েছে মোট ৬৫ কোটি রুপি। প্রোডাকশন খরচে ব্যয় হয়েছে ৪৫ কোটি, আর বিজ্ঞাপনে খরচ হয়েছে ২০ কোটি রুপি। যা মুক্তির তিন দিনেই ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েই আয় করে ফেলেছে।
এই ছবিতে জন ও বরুন ছাড়াও আরো একটি আকর্ষণ অপেক্ষা করছে দর্শকদের জন্য। কারণ এই ছবির মধ্য দিয়ে চার বছর পর পর্দায় ফিরে আসছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা অক্ষয় খান্না। এছাড়া ছবিতে আরো আছেন জ্যাকুলিন ফার্নান্দেজ, কবির বেদি এবং রাম কাপুর। একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে অক্ষয় কুমারকেও। মধ্যপ্রাচ্যের মরুক্কো এবং আবুদাবিতে হয়েছে ছবিটির শুটিং।

