বিনোদন ডেস্ক : তিনি যে গ্রামে থাকেন, সেটির নাম বেশ নান্দনিক- উৎসব। ওই গ্রামের মধ্যে আধুনিক দোতলা বাড়ি করে রেখেছেন। ছেলেমেয়েদের জন্য। চার ছেলে মেয়ে তার। কেউ-ই তার কাছে থাকে না। শহুরে জীবনে অভ্যস্ত হয়ে গেছে। সময় পেলে একনজর দেখতে আসে বাবাকে। বড় একটা বাড়িতে বাবা বড্ড একা!
ছেলেমেয়েরা আবার তার কাছে ফিরে আসবে, এ আশা যখন একেবারেই শেষ, আবুল হায়াত, যার চরিত্রের গাজী আলতাফ, তিনি সিদ্ধান্ত নেন সমস্ত সম্পত্তি দান করে দেবেন। কয়েক কোটি টাকার সম্পত্তি হাত ছাড়া হয়ে যাবে- ছেলেমেয়েদের মনে যখন এমন উদ্বেগ, আবুল হায়াত শর্ত দেন, পৈতৃক সম্পত্তি পেতে গেলে শহর ছেড়ে গ্রামে এসে থাকতে হবে।
ছেলেমেয়েদেরকে শেকড়ে ফিরিয়ে আনার এই যে সংগ্রাম তার, সেটিই ‘উৎসব’-এর গল্প। ‘উৎসব’ ধারাবাহিক নাটক। মাসুম শাহরিয়ার লিখছেন, পরিচালনা গোলাম মুক্তাদিরের। আবুল হায়াত ছাড়া আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, নাজনীন হাসান চুমকী, জেনি, নাদিয়া, আজমেরী আশা, রাজিব সালেহীন, হিমে হাফিজ প্রমুখ।
নির্মাতা জানিয়েছেন, দেশ টিভিতে ধারাবাহিকটি প্রচার হবে।

