নোয়াখালী প্রতিনিধি : জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সুফিয়ানের হত্যাকারী আজাদের বসত ঘরে আগুন দিয়েছে স্থানীয় লোকজন। এরআগে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরংঞ্জাম উদ্ধার করে।
শুক্রবার সকাল ১১টার দিকে বিক্ষুব্ধজনতা চরপার্বতী ৪নং ওয়ার্ডে অবস্থিত আজাদের বাড়িতে আগুন দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একদল বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে যুবলীগ নেতা আবু সুফিয়ানের হত্যাকারী আজাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা আজাদদের বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ও কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, যুবলীগ নেতা আবু সুফিয়ানের হত্যাকরী আজাদের বাড়িতে রাতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আজাদের ভাই ইয়াছিনের ঘর থেকে একটি এলপি, ৯ রাউন্ড গুলি, ৪টি চাকু ও এলজি তৈরির সংরঞ্জাম উদ্ধার করা হয়। অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরংঞ্জাম উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ১০টার দিকে চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট বাজারের আল সালাম হোটেলের সামনে যুবলীগ নেতা আবু সুফিয়ানকে গুলি করে আজাদ ও তার লোকজন। পরে স্থানীয় লোকজন মাথায় গুলিবিদ্ধ অবস্থায় আবু সুফিয়ানকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি ঘটলে রাত ১১টার দিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুফিয়ানকে মৃত ঘোষণা করেন।

