চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাসহ ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে থানার বেলতলার রুপ নগর আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রমজান আলী(২২) ও মো. রুবেল (২৪)। এর মধ্যে রমজানের বাড়ি কক্সবাজার জেলায় ও রুবেলের বাড়ি নোয়াখালীর হাতিয়ায় বলে বায়েজিদ থানার ওসি মো.মহসিন জানিয়েছেন।
তিনি বলেন, ‘ছিনতাইকারী ওই দুই সদস্যদের পলাতক সহযোগী মো.তুষারসহ (৩০) চান্দগাঁও থানার রাস্তার মাথা থেকে আতুরের ডিপো যাওয়ার কথা বলে সিএনজি অটোরিকশা ভাড়া করে। এসময় মাঝ পথে কাটার দ্বারা হত্যার ভয় দেখায় চালককে। মারধর করে সিএনজি অটোরিকশা ছিনতাই করে। পরে চালকের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া সিএনজিসহ(১১৯৯৯৪) তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই।’
এ ঘটনায় থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে বলে জানান ওসি মহসিন।

