ফরিদপুর প্রতিনিধি : চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নে পদ্মা নদীর বেড়িবাঁধ ভেঙে নতুন করে ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে আরো অন্তত ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। রোববার গভীর রাতে এই বাঁধ ধ্বসের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আকস্মিকভাবে বাঁধ ভেঙে পানি প্রবেশ করায় ক্ষতিগ্রস্তরা যে যা পেরেছে তা নিয়েই বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে। ফসলসহ বাড়িঘরের নানা আসবাবপত্র ভেসে গেছে পানিতে। চোখের সামনে সহায় সম্বল ভেসে যেতে দেখে দিশেহারা মানুষ। বাঁধে আশ্রয় নেয়া মানুষেরা বিশুদ্ধ পানি ও খাবার সঙ্কটে রয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে বৃদ্ধ ও শিশুরা।
ফরিদপুরে পদ্মা নদীর পানি বিপদসীমার ১০১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অব্যাহত পানি বৃদ্ধিতে ফরিদপুরের ৩ উপজেলার ১১টি ইউনিয়নের ৫০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। বন্যার্তদের সহায়তায় এখন পর্যন্ত ৭০ মে.টন চাল এবং ২ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন সূত্র।

