নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ শুনানি পিছিয়ে কালক্ষেপনের প্রতিবাদে ও অবিলম্বে তার মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
তিনি বলেন, ‘যুদ্ধাপরাধী মীর কাসেমের দুই দিনের রিভিউ শুনানি কেন চার মাস পিছিয়েছে- সেটি আমাদের কাছে বোধগম্য নয়। রায় কার্যকরে যতই কালক্ষেপন করা হবে ততই এই নাশকতা ও বিভিন্ন ধরনের অস্থিতিশীলতা বাড়তে থাকবে।’
অবিলম্বে রায় কার্যকরের দাবি জানিয়ে ইমরান বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার নিয়ে টালবাহানা করে রক্ষা পাওয়ার কোন উপায় নেই। যারা এই যুদ্ধাপরাধীদের রক্ষার চেষ্টা করেছে তাদের পরিণতি কিন্তু শুভ হয়নি। অর্থবিত্ত বা কোন কিছুর বিনিময়ে যদি মীর কাসেম আলীকে রক্ষার চেষ্টা করা হয় তবে তার পরণতি কিন্তু শুভ হবে না।’
কল্যাণপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সরকার যদি জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখায় তাহলে জনগণ সরকারের পাশে থাকবে।’ জঙ্গিবাদের সকল আস্তনা খুঁজে বের করে এদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব রুম্মন ও গণজাগরণ মঞ্চের সংগঠক ভাস্কর রাশা প্রমুখ।

