নিজস্ব প্রতিবেদক : রূপগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুশ্রমিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সকালে র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হলেন- সৈয়দ আজাহার ইমাম সোহেল ও সোহাগ হোসেন হৃদয়। এর মধ্যে সোহেল এ মামলার ৩ নম্বর আসামি ও জোবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং মিলে সিনিয়র উৎপাদন অফিসার। অপরদিকে হৃদয় একই মিলের লাইনম্যান।
র্যাব-১১-এর সিপিএসসি আদমজীনগর নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা জানান, সকালে অভিযান চালিয়ে শিশুশ্রমিক সাগর বর্মণ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সৈয়দ আজাহার ইমাম ওরফে সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে রূপগঞ্জের দিঘীবরাব এলাকা থেকে হত্যায় জড়িত অভিযোগে ওই প্রতিষ্ঠানের লাইনম্যান সোহাগ হোসেন হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে শিশুশ্রমিক সাগর বর্মণ হত্যার প্রতিবাদে ইসলামী শ্রমিক আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা মানববন্ধন করেছে। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রসঙ্গত, ২৪ জুলাই রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় অবস্থিত জোবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্যাতন করলে সাগর বর্মন নামে ১০ বছরের এক শিশুশ্রমিক গুরুত্বর অসুস্থ্ হয়ে পড়ে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

