
যুব উন্নয়ন অধিদপ্তর ও স্বপ্ন চেইনশপের যৌথ উদ্যোগে চাকরি মেলায় বক্তব্য দিচ্ছেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম
নিজস্ব প্রতিবেদক : যুব উন্নয়ন অধিদপ্তর ও স্বপ্ন চেইনশপের যৌথ উদ্যোগে গতকাল ২৪ জুলাই রোববার যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে চাকরি মেলার আয়োজন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় সেলসম্যানশিপ বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের কর্মসংস্থানে নিয়োজিত করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম এবং বিশেষ অতিথি ছিলেন পরিচালক (দারিদ্র্য বিমোচন ও ঋণ) মো. এরশাদ উর-রশিদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেখ হাসিনা জাতীয় যুবকেন্দ্রের পরিচালক মোরশেদ উদ্দিন আহমদ, উপ-পরিচালক (প্রশিক্ষণ) মাসুদা আকন্দ এবং ঢাকা জেলার উপ-পরিচালক মো. দেলোয়ার হোসেন, এসিআই’র সিনিয়র এক্সিকিউটিভ (এইচ আর) আশ্রাফুল হক এবং স্বপ্ন’র সাপোর্টিভ এক্সিকিউটিভ এসএম মুহাইমিনুল হাসানসহ সংশ্লিষ্ট আরো অনেকে।
মহাপরিচালক আনোয়ারুল করিম বলেন, যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে আমরা নতুন নতুন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছি; এর মধ্যে সেলসম্যানশিপ অন্যতম। তিনি বলেন, এই প্রথম চাকরিদাতা প্রতিষ্ঠানের সাথে প্রশিক্ষিত যুবদের সম্মিলন ঘটানো হলো এবং ভবিষ্যতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সময় পরবর্তী প্রশিক্ষণের কারিকুলামে চাহিদা অনুযায়ী রি-ডিজাইন করার জন্য প্রশিক্ষণ সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান তিনি। প্রশিক্ষিত যুবরা যাতে সম্মানজনক বেতন পান সে বিষয়ে সংশ্লিষ্ট চেইন শপের কর্মকর্তাদের দৃষ্টি আর্কষণ করেন তিনি। ক্ষুদ্র পরিসরে আয়োজিত চাকরি মেলা ভবিষ্যতে বড় অর্জনের দিকে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায় বলেন, আমরা নতুন দু’টি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি; এর একটি সেলসম্যানশিপ এবং অন্যটি ট্যুরিজম। প্রশিক্ষণের কারিকুলাম কাস্টোমাইজড করার প্রয়োজন আছে কি-না সে বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত স্বপ্নের কর্মকর্তাদের মতামত প্রদানের অনুরোধ জানান তিনি।
পরিচালক (দারিদ্র্য বিমোচন ও ঋণ) এরশাদ উর-রশিদ বলেন, গতানুগতিক প্রশিক্ষণের বাইরে সেলসম্যানশিপ ট্রেনিং এবং চাকরি মেলার আয়োজন একটি নতুন প্রয়াস। এই প্রশিক্ষিত যুবরা যাতে নতুনদের চেয়ে বেশি বেতন পান সে বিষয়ে চেইনশপ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
উপ-পরিচালক (প্রশিক্ষণ) মাসুদা আকন্দ বলেন, সেলসম্যানশিপের প্রধান বিষয় হচ্ছে ব্যবহারের মাধ্যমে ক্রেতাকে সন্তুষ্ট রাখা, নিজেকে যথাযথভাবে উপস্থাপন করা এবং ক্রেতার চাহিদা পরিপূর্ণ করা। এ সময় তিনি প্রশিক্ষিত যুবদের ম্যিথার আশ্রয় না নিয়ে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান। যুবদের উদ্দেশ করে তিনি বলেন, আপনারা কাজকে ভালবাসবেন। যত বেশি আন্তরিক হবেন তত দ্রুত কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকা জেলার আওতায় ৪০ জন যুব ২ মাস মেয়াদী সেলসম্যানশিপ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এদের মধ্য থেকে স্বপ্ন চেইনশপ তাদের প্রয়োজনীয় সংখ্যক সেলসম্যান বাছাই করবে। যুব উন্নয়ন অধিদপ্তর পরবর্তীতে এ ধরণের প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করবে এবং বিভিন্ন চেইনশপের সাথে আলোচনা সাপেক্ষে চাকরির ব্যবস্থা করা হবে বলে জানা গেছে। এ দিনের চাকরি মেলায় ৪০ জন যুবর মধ্যে ১২ জন যুবনারীসহ ২৭ জন যুব অংশগ্রহণ করেন।

