
আইসিটি মোবাইল ভ্যানের সামনে প্রশিক্ষণার্থীদের সাথে এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশের যুব সমাজকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করার লক্ষ্যে কাজ করছে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব)’ প্রকল্প। এই প্রকল্পের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কেন্দ্রের আদলে গড়ে তোলা আধুনিক তথ্য-প্রযুক্তিতে সমৃদ্ধ ৭টি মোবাইল ভ্যানে উপজেলা পর্যায়ে যুব ও যুব নারীদের কম্পিউটার ও নেটওয়ার্কিংসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সিলেট বিভাগের মোবাইল ভ্যানটি বর্তমানে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবস্থান করছে।
গত ১২ জুলাই নবীগঞ্জে আইসিটি মোবাইল ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। নবীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে ইমদাদুর রহমান (মুকুল) এবং সাইফুল জাহান চৌধুরী।

টেকাব প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল হাছান খানের সাথে ভিডিও কনফারেন্সে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী
আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, সমৃদ্ধ দেশ গঠনে যুব সমাজের ভূমিকা অপরিসীম; আর ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে যুবদেরকে তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষিত করতে হবে। আইসিটি মোবাইল ভ্যানের কার্যক্রমকে স্বাগত জানিয়ে তিনি বলেন, কম্পিউটার বিষয়ক এ প্রশিক্ষণের ফলে এই উপজেলার যুব সমাজ অনুপ্রাণিত হয়ে আত্মকর্মে নিয়োজিত হওয়ার সুযোগ পাবে।
আইসিটি মোবাইল ভ্যানের এ প্রশিক্ষণ কার্যক্রম উপজেলার যুব সমাজসহ স্থানীয়দের মধ্যে বিপুল সাড়া ফেলেছে বলে জানা গেছে।

