নিজস্ব প্রতিবেদক : উগ্রবাদ ও জঙ্গিবাদকে আওয়ামী লীগই সমর্থন করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ।
সোমবার দুপুরে রাজধানীর দৈনিক বাংলা মোড়ের কাছে ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন কার্যালয়ের মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির আয়োজনে ‘উগ্রবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের দাবি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হান্নান শাহ বলেন বলেন, ‘গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলাকারীদের মধ্যে দুই-তিন জন কট্টরপন্থী আওয়ামী লীগের নেতাকর্মীর স্বজনদের দেখা গেছে। এখন খুঁজে দেখা দরকার তাদের নিজেদের (আওয়ামী লীগ) ঘরে কি আছে? কি অস্বীকার করছে? আর কি অস্বীকার করবে? মূলত আওয়ামী লীগই উগ্রবাদ ও জঙ্গিবাদকে সমর্থন করে।
তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার বোমা নিস্ক্রিয় করার জন্য বিদেশ থেকে সেনা নিয়ে আসবে। আমার প্রশ্ন, তাহলে কি বাংলাদেশে সেনাবাহিনীর মধ্যে বোমা নিস্ক্রিয়কারী নেই?’ বিদেশ থেকে বোমা নিষ্ক্রিয়কারী সেনা নিয়ে এলে দেশের জনগণ তা মোকাবেলা করবে।’
হলি আর্টিজান রেস্তোরাঁয় বোরকা পরা মহিলা কে ছিল- এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘হামলার সময় বোরকা পড়ে কে ‘রেস্তোরাঁয়’ প্রবেশ করেছিল। পরে আবার বের হয়ে এসেছে। আমরা কি বুঝতে পারি না, এটা কোন পরিকল্পনার অংশ?’
সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘জঙ্গিবাদকে টিকিয়ে রাখা এ সরকারের লক্ষ্য। তাদের (সন্ত্রাসী) পথচলাকে সমর্থন দিচ্ছে সরকার। সন্ত্রাসী ও সরকারের চরিত্র একই। এ পরিস্থিতিতে সরকারের পদত্যাগের কোন বিকল্প নেই।
জাগপা’র সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাগপা’র সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান ।

