নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, জঙ্গি হামলার আগাম তথ্য দিতে আমাদের গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে। তারা জঙ্গি দমনে সফলতা দেখাতে পারেনি।
রোববার দুপুরে রংপুরের পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জঙ্গি হামলার তথ্য দিতে গোয়েন্দা সংস্থা কেন ব্যর্থ হলো তা খুঁজে বের করতে হবে। ব্যর্থ গোয়েন্দাদের সরিয়ে সেখানে দক্ষ লোক নিয়োগ করতে হবে।’
এইচএম এরশাদ বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। ঘরে ঘরে বেকারের সংখ্যা বাড়ছে। জঙ্গি সমস্যার কারণে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। জঙ্গিসহ সব সমস্যার সমাধান সরকারকেই করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব প্রাক্তন এমপি আশিফ লাহরিয়ার, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ইয়াসির আহমেদ প্রমুখ।

