rrনিজস্ব প্রতিবেদক : কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতে পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক বিবৃতিতে প্রাক্তন রাষ্ট্রপতি এ ঘটনায় নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন এরশাদ।
বিবৃতিতে এরশাদ বলেন, পবিত্র ঈদের দিনে ঈদের নামাজ চলাকালে জামাতের পাশে যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে, তারা ইসলামের শত্রু। ইসলামের এসব অজ্ঞাত শত্রুদের চিহ্নিত করে তাদের নির্মূল করতে হবে।
এ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এরশাদ দেশবাসীর প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবিলার কথা বলেন।

