
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একইসঙ্গে তাদের সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে মোনাজাত করেন তিনি। সোমবার দুপুরে গণমাধ্যমে ঈদ-উল ফিতর উপলক্ষে দেয়া এক বাণীতে এ শুভেচ্ছা ও মোবারকবাদ জানান বেগম জিয়া।
বাণীতে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল ফিতর। উৎসব মানুষের আনন্দময় স্বত্তার জাগরণ ঘটায়। তার আত্মাকে মিলনের বোধে উদ্দীপ্ত করে। ঈদ-উল ফিতরের উৎসবে সমাজের সকল ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় এবং সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়।’
তিনি আরো বলেন, ‘হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির চেতনা দান করে ঈদ-উল ফিতরের উৎসব। তাই এই উৎসবের দিনে প্রতিটি মুসলমান নর-নারী সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দকে একত্রে উপভোগ করতে হবে।’
খালেদা জিয়া বলেন, ‘ঈদ-উল ফিতর নির্মল আনন্দ উৎসবের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানবজাতির কাছে পৌছে দেয়। তা হচ্ছে, ‘সকলের তরে সকলের আমরা’। এই মর্মবাণী মানসিক কদর্য, অন্যায় ও নিষ্ঠুর সামাজিক অসাম্যকে অতিক্রম করে এক নিবিড় ভাতৃত্ববোধের প্রেরণা জাগায়। আর এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসেবে আমাদের কর্তব্য।’
তিনি বলেন, চাঁদাবাজির জুলুম ও সন্ত্রাসের নানা ডালপালা এবং জিনিসপত্রের অভিঘাত সত্ত্বেও ঈদ আমাদের জাতীয় জীবনে সংস্কৃতির দ্যোতক, আবহমান কাল থেকে শুভেচ্ছা ও আনন্দের আদান-প্রদান।
বিএনপি প্রধান বলেন, ‘ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মোমিন মুসলমানদের মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে ঈদ-উল ফিতর সমাগত। ঈদ-উল ফিতরের এই দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে মোনাজাত করি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য।’
এদিকে, এক পৃথক বাণীতে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে তাদের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অপর এক বিবৃতিতে ২০ দলীয় জোট শরিক বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া দেশবাসীসহ মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে ভেদাভেদ ভুলে পবিত্র ঈদ-উল ফিতরে দল-মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

