ঢাকাFriday , 1 July 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে যানজট নিয়ন্ত্রণে ১ হাজার রোভার স্কাউট

Link Copied!

Sqoutনিজস্ব প্রতিবেদক : এবার ঈদে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের পাশাপাশি ১ হাজার রোভার স্কাউট সহযোগী হিসেবে কাজ করবে। আগামীকাল শনিবার (২ জুলাই) সকাল ৬টা থেকে ঈদের দিন সকাল পর্যন্ত ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকার আশপাশের ৫টি জেলার ১৬টি স্থানে এ সেবাদান কার্যক্রম চলবে।
স্থানগুলো ঢাকা জেলার নবীনগর, বাইপাল, জিরাবো এবং ফ্যান্টাসি কিংডম; গাজীপুর জেলার চন্দ্রা, কালিয়াকৈর, কোনাবাড়ী; নারায়ণগঞ্জের ভূলতা, কাঞ্চন, কাচপুর, মেঘনা সেতু, মদনপুর; মুন্সীগঞ্জ জেলার গোমতি সেতু; টাঙ্গাইল জেলার গোড়াই, পাকুলস্না ও এলেঙ্গা।
এ সম্পর্কে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল বলেন, ‘ঈদুল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে ঢাকা জেলাসহ আশপাশের ৫টি জেলার ১৬টি গুরুত্বপূর্ণ স্থানে ১ হাজার রোভার স্কাউট মোতায়েন করা হবে। এই রোভার স্কাউটরা ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে কাজ করবে।’
সচিব বলেন, ‘এই রোভারদের নিয়ে শুক্রবার একটি ওরিয়েন্টশন হবে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে। এতে প্রধান অতিথি থাকবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন মুখ্য সচিব আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান। এতে সভাপতিত্ব করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক।’
এদিকে বর্ণিত ১৬টি স্থানে জনসাধারণকে রাস্তা পারাপারে মোটিভেট এবং নিয়ন্ত্রণ করবে এই ১ হাজার রোভার স্কাউট। আর যত্রতত্র গাড়ি পার্কিং না করে যথাযথ স্থানে গাড়ি পার্কিং করতে পুলিশকে সহায়তা করবে তারা।
এ ছাড়া ইফতারের সময় যাত্রীদের পানি ও খেজুর দিয়ে সহায়তা প্রদান ও অসুস্থ রোগীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাবে রোভাররা স্কাউটরা।
যদি কোনো কারণে যানজট লেগে যায় তাহলে যানজট নিরসনে পুলিশকে সহায়তা প্রদান, ১৬টি স্থানে সাধারণ সেবা প্রদান এবং সুশৃঙ্খলভাবে যথাযথ লেন অনুসরণ করে যাতে গাড়ি চলাচল করে সে বিষয়ে পুলিশকে সহায়তা করবে রোভার সদস্যরা।
জানা গেছে, ঢাকা জেলা থেকে ২৬ জন রোভার স্কাউট লিডারসহ মোট ৫০১ জন রোভার, নারায়ণগঞ্জ জেরা থেকে ৪ জন রোভার লিডারসহ মোট ৭১ জন রোভার, মুন্সীগঞ্জ থেকে ১ জন রোভার লিডারসহ মোট ৪৬ জন, টাঙ্গাইল জেলা থেকে ৯ জন লিডারসহ মোট ১৪৯ জন রোভার, গাজীপুর থেকে ১০ জন লিডারসহ মোট ২১২ জন রোভার এবং রেলওয়ে অঞ্চল থেকে ১ জন করে রোভার লিডারসহ মোট ১৯ জন রোভার স্কাউট এই কার্যক্রমে অংশগ্রহণ করবে। এ ছাড়া আপদকালীন সমস্যা মোকাবিলায় অতিরিক্ত রোভার স্কাউট প্রস্তত রাখা হয়েছে।
বাংলাদেশ স্কাউটস’র জাতীয় সদর দপ্তরে যুগ্ম-নির্বাহী পরিচালকের (প্রোগ্রাম) নেতৃত্বে জাতীয় সদর দপ্তর, রোভার অঞ্চল এবং রেলওয়ে, নৌ ও এয়ার অঞ্চলের কর্মকর্তাদের সমন্বয়ে ৬ সদস্যের একটি টিম কেন্দ্রীয়ভাবে রোভার স্কাউটদের এই সেবাদান কার্যক্রম মনিটরিং করবে।