বিনোদন ডেস্ক : জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবনের কথায় গাইলেন কাজী শুভ। সম্প্রতি এ গীতিকারের লেখা ৫ গান নিয়ে কাজী শুভর নতুন অ্যালবাম ‘দাগা’ আসছে সিডি চয়েসের ব্যানারে।
কাজী শুভ বলেন, ‘এবার ঈদে আমার বেশ কিছু গান প্রকাশ পাচ্ছে। সবগুলোই মিক্সড অ্যালবামে। এই অ্যালবামটি আমার নিজের। গাওয়ার পাশাপাশি সবগুলো গানের সুর নিজেই করেছি। রবিউল ইসলাম জীবনের কথা আর রাফির সংগীতায়োজনে ভালো একটা জিনিস দাঁড়িয়েছে। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’
রবিউল ইসলাম জীবন বলেন, ‘এবারই প্রথম শুভ ভাইয়ের সঙ্গে কোনো প্রজেক্ট করলাম। কাজের ব্যাপারে তিনি খুবই আন্তরিক। তিনি যে ধরনের গান করেন, শ্রোতারা তার কাছে যে ধরনের গান আশা করেন, সে ধরনের গান দিয়েই আমরা অ্যালবামটি সাজিয়েছে। গানের কথায় নতুনত্ব রয়েছে। সুর-সংগীতেও বৈচিত্র্যতা আছে।’
রাফির সংগীতায়োজনে গানগুলোর শিরোনাম হল- ‘দাগা’, ‘মনের দুয়ার’, ‘তোমার অভাবে’, ‘ময়না’ ও ‘ভালোবাসি বলো না’। এর মধ্যে ‘মনের দুয়ার’ গানটিতে শুভর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিবেন ন্যান্সি। আর ‘ময়না’ গানটি গাইবেন শুভ ও পূজা।
চলতি সপ্তাহেই ‘দাগা’র গান শ্রোতারা শুনতে পারবেন। কিছুদিন পরই প্রকাশ করা হবে ‘দাগা’র গানের ভিডিও।

