ঢাকাThursday , 30 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভ্যাটে সর্বোচ্চ, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রাজস্ব আদায়

Link Copied!

NBRঅর্থনৈতিক প্রতিবেদক : চলতি (২০১৫-১৬) অর্থবছরে সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বছর মোট ১ লাখ ৫৪ হাজার ৭৮৪ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। যা সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪ হাজার ৭৮৪ কোটি টাকা বেশি। এই সময়ে সর্বোচ্চ আদায় হয়েছে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) থেকে।
বুধবার (২৯ জুন) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এসব তথ্য নিশ্চিত করেন।
এনবিআর সূত্রে জানা যায়, প্রথম দিকে এনবিআরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। এই লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রথম তিন প্রান্তিকে (৯ মাস) রাজস্ব আদায়ে ঘাটতি দেখা দিলে সেটা কমিয়ে ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রা ধরা হয় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা। সংশোধিত এই লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে প্রায় ১ লাখ ৫৪ হাজার ৭৮৪ কোটি টাকার রাজস্ব। এ লক্ষ্যমাত্রা অর্জনের গড় হার ১০৩ দশমিক ১৯ শতাংশ। যা গত (২০১৪-১৫) অর্থবছরের রাজস্ব সংগ্রহের তুলনায় প্রবৃদ্ধির হার গড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬ শতাংশ।
এ বছর রাজস্ব আদায়ের চিত্র অনুযায়ী দেখা যায়, সর্বোচ্চ খাত হিসেবে রাজস্ব আদায় হয়েছে স্থানীয় মূসক (ভ্যাট) খাত থেকে। এ খাত থেকে চলতি অর্থবছরে ৫৫ হাজার ৬৮৪ কোটি ৪১ লাখ টাকার রাজস্ব আদায় করা হয়েছে। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৫৪ হাজার ৬৪ কোটি টাকা। গত অর্থবছর এই খাত থেকে আদায় হয়েছিল ৪৯ হাজার ১৩ কোটি ৫৩ লাখ টাকা। এই খাতে এবারে আদায়ের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬১ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে ৫৪ হাজার ২৪৪ কোটি ৬৭ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে আয়কর খাত থেকে। এ খাতের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫৩ হাজার ৪৩৬ কোটি টাকা। এছাড়া আয়কর খাত থেকে ২০১৪-১৫ অর্থবছরে আদায় হয়েছিল ৪৮ হাজার ৩৫৩ কোটি ৮০ লাখ টাকা। এই খাতের প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১২ দশমিক ১৮ শতাংশ।
এছাড়া আমদানি শুল্ক খাতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ৫০০ কোটি টাকা, যেখানে এ খাত থেকে আদায় হয়েছে ৪৪ হাজার ৮৫৪ কোটি ৮৫ লাখ টাকা। একই খাত থেকে গত অর্থবছরে আদায় হয়েছিল ৩৮ হাজার ৩৩৩ কোটি ৩৭ লাখ টাকা। এই খাতে প্রবৃদ্ধির হার ১৭ দশমিক ০১ শতাংশ।
এব্যাপারে এনবিআর কর্মকর্তা বলেন, এনবিরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিরন্তর প্রয়াস ও ব্যবস্থাপনা পদ্ধতি যথাযথ প্রয়োগের ফলে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে এনবিআর। এছাড়া পেট্রোবাংলার নিকট এনবিআরের ১৩ হাজার ২৭৮ কোটি টাকার নিরঙ্কুশ বকেয়া চিহ্নিতকরণপূর্বক এ অর্থ আদায় কার্যক্রম প্রায় সমাপ্তির পথে। চলতি অর্থবছরে আদায় হলে মূল লক্ষ্যমাত্রা ১ লাখ ৭৬ হাজার ৩৭১ কোটি টাকা ছাড়িয়ে যেত।
এদিকে লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি প্রায় ৪ হাজার ৭৮৪ কোটি টাকা রাজস্ব সংগ্রহ হওয়ায় সার্বিক সহযোগিতা প্রদানের জন্য দেশপ্রেমিক জনগণ, করদাতাগণ এবং গণমাধ্যমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
তিনি বলেন, ‘রাজস্ব বিভাগে কর্মরত সবাই মিলে কাজ করেছি। সঠিক সময়ে যোগ্য ব্যক্তিকে উপযুক্ত পদে পদায়ন করেছি। রাজস্ব সংগ্রহের কাজে স্থানীয় জনপ্রতিনিধিকে সম্পৃক্ত করেছি। এ জন্য রাজস্ব সংলাপ বেশ কাজে এসেছে। চলমান মামলা নিষ্পত্তিতে সন্তোষজনক অগ্রগতি ছিল। বকেয়া আদায়েও বেশ ভালো অগ্রগতি হয়েছে।’
তিনি আরো বলেন, ‘একইসঙ্গে আগামী অর্থবছরের নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা অর্জন করা সম্ভব হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। জীবনকে বাঁচিয়ে রাখতে, শরীরকে প্রাণবন্ত রাখতে যেমন প্রচুর পরিমাণ অক্সিজেন প্রয়োজন, তেমনি দেশের উন্নয়নের জন্য প্রচুর রাজস্বের প্রয়োজন।’