অর্থনৈতিক প্রতিবেদক : প্রতিষ্ঠার ৩৩ বছর উদযাপন করল বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল)। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ১৫৮টি শাখার সুবিস্তৃত নেটওয়ার্কসমৃদ্ধ দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।
বুধবার ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে ৩৯৫তম বোর্ড সভায় ইউসিবি’র বর্ষপূর্তি উদযাপন করা হয়।
সভার সভাপতি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এম এ সবুর, ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দসহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আলী।
এ সভায় ব্যাংকের সামগ্রিক কার্যক্রম ও অগ্রগতির মূল্যায়ন, পরিষেবার উন্নয়ন এবং কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক প্রবৃদ্ধির বিষয় আলোচিত হয়। অংশগ্রহণকারী সকলে ভবিষ্যতেও ইউসিবির সাফল্য, অগ্রগতি ও ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে তাদের সুচিন্তিত মত প্রকাশ করেন।
দেশের কতিপয় স্বনামধন্য শিল্পোদ্যোক্তার স্বপ্ন ও প্রচেষ্টায় শুরু হয়েছিল ইউসিবি’র গৌরবময় যাত্রার। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অঙ্গীকারে যাত্রা শুরু করা ইউসিবি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ প্রথম প্রজন্মের ব্যাংক। সর্বাধুনিক সেবা, উদ্ভাবনী পণ্য, গতিশীল কর্মকুশলতা ও বলিষ্ঠ নেতৃত্বের সমন্বয়ে চলছে ইউসিবি।

