বান্দরবান প্রতিনিধি : আওয়ামী লীগ নেতা মংপু মারমা অপহরণের প্রতিবাদে জেলায় অনির্দিষ্ট সড়ক ও নৌ-পথ অবরোধ চলছে। জেলা আওয়ামী লীগের ডাকে এ অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে।
বুধবার সকাল থেকে বান্দরবানের ট্রাফিক মোড়, বাসস্টেশন, ক্যায়ংয়ের মোড়সহ প্রধান সবসড়কে পিকেটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শহরের অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছে।
বান্দরবানের অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। নদী পথও বন্ধ আছে। এতে বিপাকে পড়েছে দূরপাল্লার যাত্রীরা।
তবে পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যবসায়িক প্রতিষ্ঠানের বেচাকেনা ও অফিস আদালতের কার্যক্রম স্বাভাবিক আছে।
প্রসঙ্গত, গত সোমবার রাতে রাজবিলা ইউনিয়নের জামছড়ি মুখ পাড়া থেকে মংপু মারমা নামে এক নেতাকে অপহরণ করে একদল সন্ত্রাসী।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের নেতারা এক বিক্ষোভ সমাবেশে অপহৃত মংপু মারমাকে ২৪ ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় ফেরৎ না দিলে বান্দরবানে অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে বলে ঘোষণা দেন। এরই পরিপ্রেক্ষিতে আজ থেকে অবরোধ চলছে।
অপহৃত মংপু মারমা বান্দরবান সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য।

