ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেলার সরাইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জীবন মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তিন পুলিশ সদস্যও।
মঙ্গলবার রাত ২টার দিকে সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউরা ব্রিজের সামনে এ ঘটনা ঘটে। নিহত জীবন সরাইল উপজেলার শাহ্বাজপুর গ্রামের মহরম আলীর ছেলে।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, মঙ্গলবার মধ্যরাতে একদল ডাকাত ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউরা ব্রিজের সামনে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে গুলি চালালে জীবন গুলিবিদ্ধ হয়ে মহাসড়কের পাশের একটি ঝোপে পালায়। পরে পুলিশ ঝোপ থেকে গুলিবিদ্ধ অবস্থায় জীবনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আজিজ, রবিউল ও মেহেদী নামে সরাইল থানা পুলিশের তিন কনস্টেবল আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ওসি আরো জানান, নিহত জীবন চিহ্নিত ডাকাত ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, পুলিশের অস্ত্র ছিনতাই, নারী নির্যাতনসহ ডাকাতির অভিযোগে থানায় ৯টি মামলা রয়েছে।

