স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। তবে তৃতীয় ম্যাচে প্রতিরোধ গড়ে তুলেছে। লর্ডসের মাটিতে ড্রয়ের দিকে এগুচ্ছে তারা।
রোববার চতুর্থ দিনে ৩৬২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। তবে দিমুথ করুনাত্নে ও কৌশল সিলভা দিন শেষে ৩২ রান সংগ্রহ করেন। করুনারত্নে ১৯ ও সিলভা ১২ রানে অপরাজিত থাকেন।
জয়ের জন্য পঞ্চম ও শেষ দিন আরও ৩৩০ রান চাই শ্রীলঙ্কার। এরই মধ্যে সিরিজ নিশ্চিত করা ইংল্যান্ডের চাই ১০ উইকেট।
রোববার শেষ বেলায় ১২ ওভারের মধ্যে উইকেটের জন্য মরিয়া ছিল ইংল্যান্ড। খুব আক্রমণাত্মক ফিল্ডিংও সাজিয়েছিল। কিন্তু কোনো উইকেট শিকার করতে পারেননি কুকরা।
এর আগে ৪ উইকেটে ১০৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। দিনের শুরুটা ভালো হয়নি তাদের। দ্রুত ফিরে যান নাইটওয়াচম্যান স্টিভেন ফিন। তার বিদায়ে ক্রিজে আসেন কুক, যিনি চোটের জন্য লম্বা সময় ফিল্ডিং করেননি।
উদ্বোধনী জুটির সঙ্গী অ্যালেক্স হেলসকে নিয়ে প্রতিরোধ গড়েন ইংল্যান্ডের অধিনায়ক। ষষ্ঠ উইকেটে এই দুই জনে উপহার দেন ৮২ রানের জুটি। এই জুটিই ইংল্যান্ডের সম্ভাবনা বাঁচিয়ে রাখে।
হ্যালেস মাত্র ৬ রানের জন্য ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন। অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ১৭৯ বলে ৯৪ রান করেন।
ইনিংস ঘোষণা করার আগে ৪৯ রান নিয়ে অপরাজিত থাকেন কুক। তার ৮৬ বলের ইনিংসে আছে তিনটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৪১৬
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮৮
ইংল্যান্ড ২য় ইনিংস: ২৩৩/৭ ডিক্লে. (হ্যালেস ৯৪, কুক ৪৯*, এরাঙ্গা ৩/৫৮, প্রদীপ ৩/৩৭)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ১২ ওভারে ৩২/০ (করুনারত্নে ১৯*, সিলভা ১২*)

