স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকায় খেলতে পারেনি উরুগুয়ের সুয়ারেজ। দলে ছিলেন না ব্রাজিলের নেইমার। ফলাফল গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে দল দুটি। বার্সেলোনার ত্রয়ীর মধ্যে অন্য জন লিওনেল মেসি। আর্জেন্টিনার প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়েছেন। ইনজুরি থেকে ফিরেই হ্যাটট্রিক করেছেন। নিজের এমন দাপুটে প্রত্যাবর্তনে অনেক খুশি বলে জানিয়েছেন তিনি।
আর্জেন্টিনা গত ২৩ বছরের মধ্যে বড় কোনো শিরোপা জিততে পারেনি। বেশ কয়েকবার ফাইনাল খেললেও শিরোপা অধরা থেকে গেছে। গত দুই বছরে বিশ্বকাপের ফাইনাল ও কোপা আমেরিকার ফাইনাল খেললেও রানার্স আপ হতে হয়েছে।
এবার মেসির দাপট দেখে শতবর্ষী কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। তবে মেসি সবাই শান্ত থাকতে অনুরোধে করেছেন।
হন্ডুরাসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে চোট পান মেসি। ফলে কোপায় নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে প্রতিশোধ নেয়া ম্যাচে মাঠে নামতে পারেননি দলের অধিনায়ক।
পানামার বিপক্ষে ম্যাচের ৬১ মিনিটে মাঠে নামেন তিনি। এর ২৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন বার্সেলোনা সুপার স্টার। তার দল জিতেছে ৫-০ গোলের ব্যবধানে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তারা। তার আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কোচ জেরার্ডো মার্টিনোর শিষ্যরা।
মেসি কোপায় খেলতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। সেই সঙ্গে এবারের কোপাকে নিজেদের বলে দাবি করেছেন। ওলে’কে আর্জেন্টিনার অধিনায়ক বলেন, ‘আমি আশা করি এটা আমাদের কোপা। এটা তাই, যা আমরা চাই। কিন্তু আমাদের শান্ত থাকতে হবে। প্রথমে বলিভিয়া ও কোয়ার্টার ফাইনাল নিয়ে ভাবতে হবে। পরের প্রতিটি ম্যাচই কঠিন হবে।’
তিনি আরো বলেন, ‘মাঠে ফিরে আসা, কিছু দিন মাঠের বাইরে থাকার পর খেলতে পারা এবং গোল করতে পারায় আমি খুশি। আসলে আমি সব কিছু নিয়েই খুশি।’

