স্পোর্টস ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের আগে কয়েকটি প্রীতি ম্যাচে হেরেছিল জার্মানি। কিন্তু ইউরোর প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে ফ্রান্সের মাটিতে নিজেদের জানান দিল বিশ্ব চ্যাম্পিয়নরা। রোববার রাতে ইউক্রেনের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জিতেছে জোয়াচিম লোর শিষ্যরা।
পিরে মাউরো স্টেডিয়ামে প্রথমার্ধে দলকে লিড এনে দেন শ্কুদ্রান মুস্তাফি। আর শেষ মুহূর্তে মাঠে নেমে লিডকে ডাবলে নিয়ে যান শোয়েনস্টাইগার।
খেলার শুরুতে ইউক্রেন একটি সুযোগ তৈরি করলেও সেটা কাজে লাগাতে পারেনি। ম্যানুয়েল নুয়্যারের দুর্দান্ত পারফরম্যান্সে গোলবঞ্চিত হয় দলটি। খেলার ১৯ মিনিটে ফ্রি-কিক থেকে আসা বল হেড করে জালে জড়িয়ে দেন মুস্তাফি। তাতে ১-০তে এগিয়ে যায় জার্মানি।
তবে প্রথমার্ধে বেশ ভালোই দাপট দেখাচ্ছিল ইউক্রেন। জেরোমি বোয়েটাং ইউক্রেনের নিশ্চিত একটি গোল ফিরিয়ে দিলেন। বল গোলরক্ষকের হাতের নাগালের বাইরে চলে যায়। ইউক্রেনের কোনোপ্লায়েঙ্কার আলতো কিক করা বল গোললাইনের উপর থেকে শট করে বাইরে পাঠিয়ে দেন বোয়েটাং।
প্রথমার্ধে দুর্দান্ত পারফরম্যান্সে জার্মানির জালে বলও জড়িয়ে দেয় ইউক্রেন। কিন্তু অফ-সাইডের কারণে সেটি বাতিল করে দেন রেফারি।
দ্বিতীয়ার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ৯০ মিনিটে শোয়েনস্টাইগারকে মাঠে নামান কোচ লো। ৯০+২ মিনিটে ওজিলের কাছ থেকে পাওয়া বল জালে জড়িয়ে দেন তিনি। তাতে ২-০ গোলের ব্যবধানে জয় পায় জার্মানি।
একই রাতে অন্য ম্যাচে তুরস্ককে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে ক্রোয়েশিয়া। দলের পক্ষে গোল করেন মড্রিচ। আর নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জিতেছে পোল্যান্ড।

