স্পোর্টস ডেস্ক : কোপার আমেরিকার নিজেদের বাঁচা-মরার ম্যাচে শুক্রবার (বাংলাদেশ সময়) ভেনেজুয়েলার বিপক্ষে লুইস সুয়ারেজকে ছাড়াই খেলতে নামে উরুগুয়ে। দলের প্রাণভোমরাকে ছাড়া কোচ অস্কার তাবারেজ যাদের ওপর ভরসা রেখেছিলেন, তারা আস্থার প্রতিদান দিতে পারেনি। ভেনেজুয়েলার কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে কোপা থেকে কোপা থেকে ছিটকে গেল সুয়ারেজহীন উরুগুয়ে।
আরোভালো-স্টানি-কাভানিকে নিয়ে গড়া আক্রমণভাগ নিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে নামে উরুগুয়ে। এই তারকারা নামের প্রতি সুবিচার করতে পারেননি। জোরালো আক্রমণ করতে না পারায় প্রতিপক্ষ দল সুযোগ নিয়েছে। সফলতাও পেয়েছে তারা।
পাল্টা আক্রমণের মিশনে নেমে ম্যাচের ৩৬তম মিনিটে লিড নেয় ভেনেজুয়েলা। ডান প্রান্ত দিয়ে বল নিয়ে এগোতে থাকেন আব্রাহাম গুয়েরা। দুরপাল্লার শটে গোল পেতে পারতেন তিনি। কিন্তু উরুগুয়ের গোলরক্ষক মুসলেরার হাতে লেগে বলটা গোলপোস্টে আঘাত পায়। ফিরতি শটে জাল কাঁপান সালোমন রন্ডন।
প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের খেলা এভাবে ১ গোলের ব্যবধানে এগিয়ে থাকে ভেনেজুয়েলা। উরুগুয়ে গোল শোধ দিতে না পারায় রোমাঞ্চকর এক জয় তুলে নিয়ে শেষ আটের খেলা নিশ্চিত করে ফেলে তারা।
এ পর্যন্ত ‘সি’ গ্রুপে থাকা ভেনেজুয়েলা দুই ম্যাচ খেলে ৬ পয়েন্ট অর্জন করেছে। অপরদিকে সমসংখ্যক ম্যাচ খেলে কোনো পয়েন্ট পায়নি উরুগুয়ে। প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হারের পর এবার এক গোলে হারলো ভেনেজুয়েলার কাছে। মেক্সিকোও দুই ম্যাচ খেলে ৬ পয়েন্ট ঝুলিতে জমা করেছে। তাদের নিশ্চিত হয়েছে শেষ আটের খেলা। গ্রুপের অপর ম্যাচে মেক্সিকো ২-০ গোলে পরাজিত করছে জ্যামেইকাকে।

