স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রে চলছে ৪৫তম কোপা আমেরিকার আসর। আয়োজক হিসেবে ইতোমধ্যে তারা প্রশংসা কুড়িয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশনের সভাপতি আলেজান্দ্রো ডোমিনগুয়েজের। পাশাপাশি ২০১৯ সালে কোপার পরবর্তী আসর ব্রাজিলে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা এসেছে প্যারাগুয়ের এই সংগঠকের পক্ষ থেকে।
যুক্তরাষ্ট্রের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আয়োজক হিসেবে তাদের আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এমন প্রশ্নের জবাবে আলেজান্দ্রো ডোমিনগুয়েজ বলেন, ‘ফুটবলপ্রেমীরা টুর্নামেন্টটি দারুণ উপভোগ করছেন। আমি আত্মবিশ্বাসী যে চলতি এই আসর ভালো খেলা উপহার দেবে। অচিরেই আমরা তা দেখতে পাব। গত বছর চিলি সুন্দরভাবে কোপার আয়োজন করেছিল। এবারের স্বাগতিক যুক্তরাষ্ট্র সে পথেই রয়েছে।’
কোপার ৪৬তম আসর কোথায় বসবে? এমন প্রশ্নে দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশনের সভাপতির উত্তর, ‘২০১৯ সালে কোপা আমেরিকার আয়োজক হবে ব্রাজিল।’ এর আগে ব্রাজিল কোপা আমেরিকার আয়োজক ছিল ১৯১৯, ১৯২২, ১৯৪৯ ও ১৯৮৯ সালে। ২০১৯ সালের জুন/জুলাইয়ে ৪৬তম আসর বসার কথা রয়েছে।
১৯১৬ সালে প্রথমবারের মতো আয়োজকের দায়িত্ব পালন করেছিল আর্জেন্টিনা। সেবার ফাইনালে স্বাগতিক আর্জেন্টাইনদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। কোপার শতবর্ষের আসর বসেছে যুক্তরাষ্ট্রে। তাই এই আসরকে স্মরণীয় করে রাখতে চাইবে দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন।

