ঝিনাইদহ প্রতিনিধি : এবার সদর উপজেলার করাতিপাড়া শ্মশানঘাট এলাকায় আনন্দ গোপাল গাঙ্গুলী (৬৫) নামে এক পুরোহিতকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পুরোহিত আনন্দ গোপাল উপজেলার করাতিপাড়া গ্রামের মৃত সত্য গোপাল গাঙ্গুলীর ছেলে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে বাইসাইকেলে করে পুরোহিত আনন্দগোপাল একটি মন্দিরে পূজা দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি নলডাঙ্গা ইউনিয়নের মহিষা ভাগাড় নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলে করে আসা ৩ দুর্বৃত্ত তার গতি রোধ করে। মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা প্রথমে তাকে লাঠি দিয়ে আঘাত করে। লাঠির আঘাতে পড়ে গেলে দুর্বৃত্তরা তার গলাকেটে মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
প্রতিবেশী নীল রতর জানান, আনন্দ গোপাল বাড়িতে বাড়িতে গিয়ে পূজা-অর্চনা করতেন। তার কোনো শত্রু ছিল না।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী জানান, এ ঘটনার সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি পুরোহিত, ধর্ম যাজকদের ওপর হামলা ও হত্যার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত রোববার (৫ জুন) সকালে নাটোরের বনপাড়ায় সুনীল গোমেজ নামে এক খ্রিস্টান দোকানিকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার মাত্র দুই দিন পরেই আজ ঝিনাইদহে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

