নিজস্ব প্রতিবেদক : সেলিমা রহমানইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ও অনিয়মের জন্য সরকার ও নির্বাচন কমিশনই দায়ী বলে জানিয়েছেন বিএনপির সহ-সভাপতি সেলিমা রহমান। শনিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সেলিমা রহমান বলেন, ইউপি নির্বাচনে প্রাণহানি ও সহিংসতার দায় অবশ্যই সরকারের। এছাড়া নির্বাচন কমিশনেরও এর দায় এড়ানোর কোনও সুযোগ নেই।
তিনি আরও বলেন, প্রতি নির্বাচনের আগে আমরা অভিযোগ জানিয়েছি কিন্তু কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে নির্বাচন ব্যবস্থার কোনও উন্নতি হয়নি। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা বাহিনীও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে না বলেও অভিযোগ করেন তিনি। তাই এ সরকারের অধীনে আর কোনও নির্বাচন সম্ভব নয় বলেও জানান সেলিমা রহমান।
আপনারা ভবিষ্যতে এ সরকারের অধীনে নির্বাচন করবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেলিমা রহমান বলেন, এটা দলীয় সিদ্ধান্তের বিষয়। ফলে দলের শীর্ষ নেতারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। দলীয় চেয়ারপারসন আগেই বলেছেন- নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচন পদ্ধতি না হলে এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীন বলা হলেও বর্তমান নির্বাচন কমিশন আসলে সরকারের অধীনে। তারা স্বাধীন হলে এত সহিংসতা হতো না।
এ সময় নির্বাচন কমিনকে অসহায় বলে অবিহিত করেন বিএনপি’র এই নেত্রী।
এর আগে সেলিমা রহমানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল দুপুর ১টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে কমিশন কার্যালয়ে যান।

