নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানিয়েছেন, দলের জাতীয় সম্মেলনে সাড়ে ছয় হাজার কাউন্সিলর উপস্থিত থাকবেন। এছাড়া ২০ হাজারের বেশি ডেলিগেট উপস্থিত থাকবেন।
আজ শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে হানিফ এ কথা জানান। আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষ্যে গঠিত অর্থ উপকমিটির সঙ্গে অন্য সব উপকমিটির ওই সভা অনুষ্ঠিত হয়।
হানিফ জানান, সম্মেলনে বিদেশি মেহমানদের আমন্ত্রণ জানানো অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ৫০ জন রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হানিফ বলেন, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামাজিক দ্বন্দ্ব ও সামাজিক অস্থিরতার কারণে এ সহিংসতাগুলো ঘটেছে। এ অস্থিরতা মোকাবেলায় সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে।
যৌথসভায় আওয়ামী লীগের সম্মেলনের বাজেট নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এই যৌথসভার বিষয় ছিল সম্মেলনের বিভিন্ন ব্যয় নিয়ে বাজেট তৈরি করা। সম্মেলন নিয়ে বিভিন্ন উপকমিটিকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা কত দূর হয়েছে সে বিষয়ও সভায় আলোচনা হয়েছে।
এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, কেন্দ্রীয় নেতা এ এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।

