
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের প্রশাসন ভবনের সম্মুখ চত্ত্বরে নারিকেল চারা রোপণ করছেন কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ; তার ডান পাশে ইনস্টিটিউটের মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. মো. কামাল উদ্দিন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) পরিদর্শন করেছেন কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। গত ২ জুন বৃহস্পতিবার বিজেআরআই পরিদর্শনে আসলে তাকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. মো. কামাল উদ্দিন, পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. নাসিমুল গণি, পরিচালক (কৃষি) ড. রহিমা খাতুন, পরিচালক (কারিগরি) মো. আসাদুজ্জামান, পরিচালক (জুট-টেক্স) ড. মো. আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন বিজ্ঞানীগণ।
কৃষি সচিব বিজেআরআই কর্তৃক আয়োজিত ‘অভ্যন্তরীণ কৃষি গবেষণা কর্মশালা’য় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. নাসিমুল গণি। বিজেআরআই’র মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিচালক (কৃষি) ড. রহিমা খাতুন। বিজেআরআই’র পাটের কৃষি ও শিল্প গবেষণার সার সংক্ষেপ তুলে ধরেন সিএসও ড. চন্দন কুমার সাহা।
বিজ্ঞানীদের উদ্দেশ করে কৃষি সচিব তার বক্তব্যে বলেন, পাট গবেষণা ও এর উন্নয়নে আপনাদের অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে। দেশের জনগণ বিজ্ঞানীদের নিকট থেকে লাগসই প্রযুক্তি আশা করে যাতে পাটের ফলন উত্তরোত্তর বৃদ্ধি পায়। বিজ্ঞানীদের জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে জনগণের সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানান তিনি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত অবসরপ্রাপ্ত বিজ্ঞানীদের অভিবাদন জানিয়ে পাটের উন্নয়নে তাদের প্রজ্ঞা ও অভিজ্ঞতা কাজে লাগানোরও আহ্বান জানান তিনি। বিজেআরআই’র সার্বিক কর্মকাণ্ড বিশেষ করে গবেষণা কর্মের উন্নয়নে সচিব সন্তোষ প্রকাশ করেন। তবে পাট বীজের সংকটকে দুঃখজনক বলে অভিহিত করে সংশ্লিষ্টদের পাট বীজের উৎপাদন বৃদ্ধির কৌশল বের করার আহ্বান জানান। গবেষণা কার্যক্রমকে অধিক শক্তিশালী ও তরান্বিত করার লক্ষ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশনা রয়েছে এবং এ জাতীয় কার্যক্রমে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
ড. মো. কামাল উদ্দিন তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং কৃষি মন্ত্রনালয়ের সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। এ সময় তিনি গবেষণা কার্যক্রমে বিজ্ঞানীদের অধিক মনোনিবেশ করার বিষয়ে গুরুত্বআরোপ করেন।
কর্মশালার কারিগরি অধিবেশনে বিজেআরআই’র বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে কৃষি সচিব বিজেআরআই প্রশাসন ভবনের সম্মুখ চত্ত্বরে একটি নারিকেল চারা রোপণ করেন।

