
নিজস্ব প্রতিবেদক : সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব ও দপ্তর/সংস্থার প্রধানদের নিয়ে বিশেষজ্ঞ পুল গঠনের সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ পুল গঠন করা হয়েছে। এই মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. এস. এম. নাজমুল ইসলাম, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য (সচিব) ড. আব্দুস সাত্তার মন্ডল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এম এনামুল হকের সমন্বয়ে এই বিশেষজ্ঞ পুল গঠন করা হয়েছে বলে জানা গেছে।
গত ৩ মে ২০১৬ তারিখে কৃষি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ পুল গঠন বিষয়ে এই আদেশ জারি করা হয়। এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২১ এপ্রিল/১৬ খ্রিঃ তারিখের পত্রের প্রেক্ষিতে ২০১৬-১৭ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতিকে অধিকতর ফলপ্রসূ করার জন্য রাষ্ট্রের সামগ্রিক ভিশনের সঙ্গে মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর/সংস্থার ভিশনের সামঞ্জস্য রেখে মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর/সংস্থার কৌশলগত উদ্দেশ্য, কার্যক্রম ও লক্ষ্যমাত্রার নির্ধারণ এবং ফলাফল মূল্যায়ন করার নিমিত্তে কৃষি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ পুল গঠন করা হলো।
আদেশে আরো বলা হয়েছে, এই বিশেষজ্ঞ পুল সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, দপ্তর/সংস্থা কর্তৃক প্রস্তুতকৃত বার্ষিক কর্মসম্পাদন চুক্তির খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন/পরিমার্জনের জন্য পরামর্শ প্রদান করবে। এছাড়া, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অর্ধবার্ষিক ও বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় পরামর্শ প্রদানসহ বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত অন্যান্য বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ ও দপ্তর/সংস্থাকে যথাযথ সহায়তা প্রদান করবেন এই বিশেষজ্ঞ পুলের সম্মানিত সদস্যবৃন্দ।

