নিউজ ডেস্ক : হার্ডডিস্কের জগতে স্বনামধন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ডিজিটালের(ডব্লিউডি) সাথে যাত্রা শুরু করেছে দেশের প্রযুক্তি পণ্য বিপণন প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজী। এখন থেকে ডব্লিউডি প্রতিষ্ঠানের সকল ধরণের পোর্টেবল এবং ইন্টারনাল হার্ডডিস্ক পাওয়া যাবে স্মার্ট টেকনোলজীর সব আউটলেটে।
বুধবার(২৫ মে) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা দেন স্মার্ট টেকনোলজিস(বিডি) এর হার্ডডিস্ক পন্য ব্যবস্থাপক মো. মাহবুবুর রহমান।
সারাদেশে স্মার্ট টেকনোলজীসের ২২টি শো-রুম সহ ১৮০০ টি ডিলার পয়েন্ট রয়েছে। প্রতিষ্ঠানটির বিক্রয় মহা ব্যবস্থাপক জাফর আহমেদ বলেন, ‘স্মার্ট টেকনোলজি প্রযুক্তি চাহিদার কথা মাথায় রেখে প্রযুক্তি প্রেমীদের জন্য নিত্য নতুন পণ্য বাজারজাত করে। এবার আমরা বিশ্ববিখ্যাত হার্ডডিস্ক নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ডিজিটালের সাথে যাত্রা শুরু করেছি। এই আন্তর্জাতিক মানের পণ্যগুলো আমরা সারা দেশে সহজে পাওয়ার সুব্যবস্থা করবো।ডব্লিউডির সব ধরনের পণ্য আমরা বাজারজাত করবো।’
প্রতিষ্ঠানটির বিপনন মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী বলেন, ‘স্মার্ট টেকনোলজি একটি প্রযুক্তি বক্সের মতো। আমরা পৃথিবীর বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানের পণ্যগুলো সুলভ মূল্যে গ্রাহকদের হাতে পৌঁছে দিতে সচেষ্ট থাকি। কম্পিউটার জগতকে মানুষের কাছে পরিচিত করার জন্য এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে আমরা সর্বদা সচেষ্ট।’
ওয়েস্টার্ন ডিজিটাল এক্সটার্নাল এবং ইন্টার্নাল সব ধরনের হার্ডডিস্ক উৎপাদন করে। ইন্টার্নাল এর মধ্যে রয়েছে ডব্লিউডি ব্লু, ব্ল্যাক, পার্পল রেড এবং আরই ড্রাইভ। প্রতিটি ড্রাইভের রয়েছে পৃথক বৈশিষ্ট্য এবং কাজের ক্ষেত্র। এক্সটার্নাল হার্ডড্রাইভের মধ্যে রয়েছে ডব্লিউডি এলিমেন্ট, পাসপোর্ট, পার্সোনাল ক্লাউড এবং ডব্লিউডি নেস ড্রাইভ যা দৈনন্দিন জীবনে ব্যবহারকারীদের প্রয়োজনীয়তার উপরে নির্ভর করে চাহিদা পূরণ করে থাকে।
ওয়েস্টার্ন ডিজিটালের সিনিয়র সেলস ম্যানেজার অসীম বসু বলেন, ‘হার্ডডিস্কের কয়েকটি ক্যাটাগরি রয়েছে। নীল, লাল, কালো, পার্পল এবং সোনালী রঙের ইন্টার্নাল স্টোরেজ গুলোর রয়েছে ভিন্ন ভিন্ন কাজের ধরণ। লাল রঙের হার্ডডিস্ক অন্য লাল রঙের হার্ডডিস্কের সাথে পেয়ার করে সহজে ডাটা ব্যাকআপ নিতে পারে। তেমনিভাবে পার্পল রঙে রয়েছে ১ সেকেন্ডের কম সময়ে রেসপন্স করবে। এতে কোন ফ্রেম বাদ হওয়ার সম্ভাবনা নেই। তাই হার্ডডিস্ক কিনুন কাজ বুঝে। তাহলে এই হার্ডডিস্ক আপনার ভবিষ্যত চাহিদা পূরণে সক্ষম হবে।’
ইন্টার্নাল হার্ডডিস্কগুলোতে ৮ টেরাবাইট(টিবি) পর্যন্ত স্টোরেজ রয়েছে। সর্বনিম্ন ৪ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে এই হার্ডডিস্কগুলো। ৫০০ জিবি থেকে শুরু করে ৪ টেরাবাইট(টিবি) পর্যন্ত পোর্টেবল বা এক্সটার্নাল হার্ডডিস্কের মূল্য ৫ হাজার থেকে শুরু হয়ে ১৮ হাজার টাকার মধ্যে পাওয়া যাবে।

