বিনোদন প্রতিবেদক : সময়ের জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী আসিফ আকবর ও কনা। দুজনেই অসংখ্য শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। কিন্তু দুজনের একসঙ্গে গাইতে দেখা যায়নি খুব একটা। একসঙ্গে তিন চারটি গান করলেও দর্শকমহলে আসেনি খুব একটা। দীর্ঘদিন পর বেশ ঘটা করে দুজন মিলে নতুন একটি গানে কণ্ঠ দিলেন তারা। গানের শিরোনাম ‘চুপি চুপি’।
সুদীপ কুমার দীপের লেখা গানটির সঙ্গীত পরিচালনা করেছেন সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ। সম্প্রতি গানটি ইউটিউবে ছাড়া হয়। ইতিমধ্যেই শ্রোতামহলে বেশ সাড়া ফেলেছে গানটি। তের হাজারেরও বেশি দর্শক উপভোগ করেছেন গানটি।
আসিফ আকবর জানিয়েছেন, ‘ফিল্মে কিংবা বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান আজকালের জন্য গত আঠারো বছরে গান হয়েছে তিন/চারটি। কোনটিই খুব মানুষের কাছে পৌঁছতে পারেনি। আসলে আমারই মনযোগ ছিলোনা। মোটামুটি দীর্ঘ ক্যারিয়ারে কাদের কাদের সাথে অডিও প্রজেক্টে কাজ করিনি তাদের তালিকা করতে গিয়ে প্রথমেই কনার নাম চলে এলো। ভবিষ্যতে কনার সাথে ডুয়েট অডিও অবশ্যই হবে–যদি সে চায়।’

