
বিনোদন প্রতিবেদক : সম্প্রতি তৃতীয়বারের মতো মা হয়েছিলেন সংগীতশিল্পী ন্যানসি। তবে জন্মের ১৭ দিনের মাথায় গত ২১ মে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় ন্যানসির কন্যা আলীনা জাফরীন। এই মেয়েকে গর্ভে নিয়ে একটি রাগাশ্রয়ী গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছিলেন তিনি। এবার প্রকাশ হলো সেই গান। যা সদ্য প্রয়াত আলীনা জাফরীনকে উৎসর্গ করেছে সংশ্লিষ্টরা।
ন্যানসির নতুন একক অ্যালবাম ‘ভালোবাসি বলেই’ থেকে নেওয়া হয়েছে গানটি। আহমেদ রিজভীর কথায় ‘বৃষ্টিবিহীন’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শফিক তুহিন। আর ভিডিওটি তৈরি করেছেন চন্দন রয় চৌধুরী। এতে মডেল হয়েছেন তাপস রায় চৌধুরী। ২২ মে সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গানটি।
‘বৃষ্টিবিহীন’ গানটির ব্যাপারে সুরকার শফিক তুহিন জানান, ন্যানসি গানটিতে যখন কণ্ঠ দেন এবং ভিডিওর শুটিং করেন তখন আলফিনা জারিন তার গর্ভে। মাত্র ১৭ দিন বয়সে চলে গেলো নিষ্পাপ শিশুটি। তাই এ গানটি তাকেই উৎসর্গ করা হয়েছে।

