
বিনোদন প্রতিবেদক : একসময়ের ব্যস্ততম অভিনেত্রী তমালিকা কর্মকার। ছোটপর্দায় নতুনের জোয়ার আসলেও, ব্যস্ততা এখনও কমেনি তার। বিশেষত ঈদ কিংবা দিবস কেন্দ্রীক নাটকগুলোতে তাকে বরাবরই পাওয়া যায়। সেই ধারাবাহিকতায় আসন্ন ঈদ উপলক্ষে ‘মুখোশ’ শিরোনামের একটি নাটকে কাজ করলেন। এতে তমালিকার সঙ্গী হয়েছেন এ প্রজন্মের অভিনেতা অপূর্ব।
সবশেষ গেল বছর একসঙ্গে দেখা গিয়েছিলো তমালিকা কর্মকার ও অপূর্বকে। তবে আবারো তার একসঙ্গে হাজির হচ্ছেন আবীর পরিচালিত ‘মুখোশ’ নাটকের মাধ্যমে। গত ২১ মে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে দুটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তমালিকা ও অপূর্ব।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তমালিকা বলেন, ‘অপূর্ব’র সঙ্গে এক বছর আগে একটি খণ্ড নাটকে অভিনয় করেছিলাম। নাটকের নামটা ঠিক মনে পড়ছে না। তবে মনে আছে নাটকটি প্রচারের পর বেশ সাড়া পেয়েছিলাম। অপূর্ব এক কথায় একজন অসাধারণ অভিনেতা, একজন ভালো মনের মানুষ। তারসঙ্গে কাজ করতে সবসময়ই আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।’
এদিকে অপূর্ব জানান, ক্যারিয়ারের শুরু থেকেই তমালিকার সঙ্গে তিনি কাজ করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এমন একজন শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে তিনি আনন্দিত।
উল্লেখ্য, আসছে ঈদে ‘মুখোশ’ নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

