
স্পোর্টস ডেস্ক : ‘লাইলাতুল বরাত’, অর্থাৎ সৌভাগ্যের রজনী। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি বিশ্ব মুসলিম উম্মাহ পালন করে সৌভাগ্যের রজনী হিসেবে। আজ রোববার দিবাগত রাতটিই পবিত্র শবে বরাত। এই মর্যাদাপূর্ণ রাতে মহান আল্লাহ তাআলা বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন। এমন রাত উপলক্ষ্যে আল্লাহ তা’আলার কাছে দোয়া ও কৃতজ্ঞতা জানালেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
মহিমান্বিত এই রাতে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকবেন। দিনে রোজা রাখেন অনেকে। দান-খয়রাত করেন। বিগত জীবনের পাপ মার্জনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করে থাকেন।
রোববার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুশফিক তার ভেরিফাইড ফ্যান পেজে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘আজকের রাত আমাদের সবার জন্য অনেক মূল্যবান কারণ এই রাত হল আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাওয়ার একটি বিরাট সুযোগ। দোয়া করি যেন আল্লাহ্ আমাদের সবাইকে ক্ষমা করে দেন ও সামনের দিনগুলোও যেন সুন্দর হয়ে ওঠে। সবকিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাই আমার জন্য দোয়া করবেন।’
গত বছরের শেষের দিকে টি২০ ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দল ভালো করলেও রান-খরায় ভুগছিলেন মুশফিকুর রহিম। তবে চলমান ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাট-হাতে নিজের প্রিয় ফরম্যাটে ফিরে পেয়েছেন ব্যাটিং ছন্দ। এমনকি তার নেতৃত্বে লিগে দুর্দান্ত পারফর্ম করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ডিপিএলে সাত ম্যাচ ১০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে মুশফিকের দল।

