
স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে এবার আইপিএল শুরু করেছিল সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দুর্দান্ত পারফরম্যান্সে প্লে-অফ নিশ্চিতের পথে হেঁটেছিল তারা। অন্তত দু’ম্যাচ হাতে থাকতেই শেষ চার নিশ্চিত হওয়ার কথা ছিল। কিন্তু সেটা হয়নি। সর্বশেষ দুটি ম্যাচেই হেরেছেন গম্ভীররা। এখন বিদায় নেয়ার পথে দলটি। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার তাদের জয়ের কোনো বিকল্প নেই। এবার তাদের প্রতিপক্ষ বাংলাদেশী পেসার মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে।
সানরাইজার্সের শুরুটা হয়েছে বাজেভাবে। দলটি বোলিং লাইন শক্তিশালী করলেও ব্যাটিং ছিল ওয়ার্নার নির্ভর। তার মধ্যে যুবরাজ পড়েছিলেন ইনজুরিতে। ধাওয়ান ভুগছিলেন ফর্মহীনতায়। তবুও এবারের আইপিএল-এ সবার আগে প্লে-অফ শর্ত সাপেক্ষে নিশ্চিত করেছে তারা। রান রেট ভালো থাকায় কলকাতার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ছোট ব্যবধানে হারলেও শেষ চার অক্ষুন্ন থাকবে তাদের।
তবে গ্রুপ পর্বে শীর্ষ দুটি স্থানে থাকতে পারলে প্লে-অফ পর্বে জিতলেই সরাসরি ফাইনালে চলে যাবে সানরাইজার্স। তাই এ ম্যাচে সাকিবদেরকে ছেড়ে দিবেন না মুস্তাফিজরা। গুজরাটের সমান ১৬ পয়েন্ট অর্জন করলেও রান রেটে এগিয়ে থেকে শীর্ষে আছেন ওয়ার্নাররা। সেটি ধরে রাখার পালা তাদের।
এবার আইপিএল অনেকটা প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হয়েছে। গুজরাটের বিপক্ষে শনিবার রাতে মুম্বাই জিতলে আর হায়দারাবাদের বিপক্ষে কলকাতা জিতলে মোট পাঁচটি দল সমান ১৬ পয়েন্ট করে অর্জন করবে। তখল রান রেটে সেরা চার দল নির্ধারিত হবে।
এদিকে আইপিএল-এর শেষ চার নির্ধারণে বড় ফ্যাক্টর হবে ঘুর্ণিঝড় রোয়ানু। এটির প্রভাবে বৃষ্টি হওয়ায় গত দু’দিন কলকাতার ইডেন গার্ডেনের মাঠ ঢাকা ছিল। রোববার সেখানে ম্যাচ অনুষ্ঠিত হতে পারবে কিনা তা এখনও নিশ্চিত করে বলা যায় না। যদিও আবহাওয়া পূর্বাভাষে বলা হয়েছে, এদিন কলকাতার আকাশ পরিষ্কার থাকতে পারে।
কার্যত নকআউট পর্বের এই ম্যাচের আগে ক্যারিবীয় অল রাউন্ডার আন্দ্রে রাসেলের চোট মুক্তির জন্য প্রার্থণা করবেন গম্ভীররা। গুজরাটের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচটি মিস করেছিলেন তিনি। এবারের আইপিএল-এ দুর্দান্ত পারফরম্যান্সে দু’বার ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন রাসেল। ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় ষষ্ঠ স্থানে আছেন তিনি। ১৬৪.৯১ স্ট্রাইক রেটে কেকেআরের চতুর্থ সর্বোচ্চ রান স্কোরার জ্যামাইকান তারকা।
সানরাইজার্সের বিপক্ষে নাইটরা কিছুটা আশার আলো দেখতে পারেন। দু’দলের মুখোমুখি লড়াইয়ে গম্ভীরের অপরাজিত ৯০ রানের সুবাদে ৮ উইকেটে জিতেছিল ২০১২ ও ২০১৪ সালের চ্যাম্পিয়নরা।
সাকিবদের জন্য আশার দিক আছে আরো একটি। শুক্রবার দিল্লির বিপক্ষে ১৫৮ রান করেও ৬ উইকেটে হেরেছে হায়দরাবাদ। শেষ বলে ২ রান দরকার ছিল দিল্লির। সেখানে চার মেরে শীর্ষে থাকা দলটিকে হারিয়ে দিয়েছিলেন জহির খানরা।
হায়দরাবাদের প্রধান শক্তি বোলিং। মুস্তাফিজ, ভুবনেশ্বর ও আশিষ নেহরার সঙ্গে বারিন্দার স্রান ও হেনরিকসকে নিয়ে শক্তিশালী পেস আক্রমণ ছিল তাদের। কিন্তু নেহরা চোট নিয়ে আইপিএল থেকে ছিটকে গেছেন। অন্যদিকে খেলা হবে ইডেনে। যেখানে স্পিন নির্ভর কলকাতা সুবিধা পেতে পারে।
সানরাইজার্স হায়দরাবাদ একাদশ (সম্ভাব্য) : ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শিখর ধাওয়ান, ময়েস হেনরিকস, যুবরাজ সিং, নোমান ওঝা, দীপক হুদা, ইয়ন মরগ্যান, কার্ন শর্মা, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান ও বারিন্দার স্রান।
কলকাতা নাইট রাইডার্স একাদশ (সম্ভাব্য) : গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা, মানিষ পাণ্ডে, সূর্যকুমার যাদব, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, জেসন হোল্ডার, পিয়ুস চাওলা, সুনীল নারাইন, মরনে মরকেল, অঙ্কিত রাজপুত।

