ফেনী প্রতিনিধি : বিদেশি মধ্যস্থতায় বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধান করার দরকার নাই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট ও মুহুরী সেতু উদ্ধোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘দেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধান করার জন্য বিদেশি শক্তির দরকার নেই। আমরা আমাদের সমস্যা সমাধান করতে পারবো।’
মন্ত্রী আরো বলেন, ‘স্মরণকালের উৎসবমূখর পরিবেশে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। নবীন-প্রবীণের সমন্বয়ে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সম্মেলনের পর থেকে এই পর্যন্ত যারা অপকর্মের সাথে জড়িত তাদের ব্যাপারে নেত্রী জানেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা দলের ভাবমূর্তি নষ্ট করেছে তাদের কমিটিতে সুযোগ দেয়া হবেনা।’
বুধবার দুপুরে মন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ২১৫ মিটার ধুমঘাট সেতু ও ৩৭ কোটি টাকা ব্যয়ে ১৮৮ মিটার মুহরী সেতুর উদ্বোধন করেন। পরে মন্ত্রী দুটি সেতু পরিদর্শন করেন। এ সময় মন্ত্রীর সাথে ফেনীর সহকারী পুলিশ সুপার সার্কেল আমিরুল আলম, প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল প্রমুখ উপস্থিত ছিলেন।

