নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গা থেকে ফাইহাম টেক্সটাইলের এজিএম মনিরুল ইসলামের (৩৬) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর তার মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানায়, এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে শেখের জায়গা থেকে মনিরুল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে তারা। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ভাই নজরুল ইসলাম জানান, তার ভাই মালিবাগের ২৬৩/বি চৌধুরীপাড়ার বাসিন্দা। মঙ্গলবার সকাল ১০টার দিকে বাসা থেকে গুলশান-২ এর অফিসের উদ্দেশে রওনা হন মনিরুল।
এর পর থেকে মনিরুল ইসলামকে আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশের মাধ্যমে আজ তার পরিবার খবর পান। পরে ঢামেকে মর্গে এসে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন তিনি। মনিরুলকে অপহরণ করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন নজরুল।
এসআই আবু জাফর জানান, যখন তাকে উদ্ধার করা হয়েছিল তখন তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

