নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে দেশের হরিজন সম্প্রদায়। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র পরিচ্ছন্নতাকর্মী পদে ৮০ শতাংশ কোটায় হরিজনদের নিয়োগ প্রদান করায় হরিজন সম্প্রদায়ের পক্ষে কৃষিমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। গত ১৬ মে সংগঠনটির মহাসচিব নির্মল চন্দ্র দাস স্বাক্ষরিত কৃষি মন্ত্রণালয়ে প্রেরিত এক শুভেচ্ছা ও অভিনন্দনবার্তা সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিনন্দনবার্তায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাঁকে সম্বোধন করে লেখা হয়, ‘মহাত্মন, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, বাংলাদেশে হতদরিদ্র পিছিয়ে পড়া প্রায় ১৫ লাখ হরিজন জনগোষ্ঠীর বসবাস। এই জনগোষ্ঠী বংশ পরম্পরায় পরিস্কার পরিচ্ছন্নতা কাজে জড়িত। নগরের সূচিতা আনার পবিত্র দায়িত্ব এই জনগোষ্ঠী পালন করে আসছে। দুঃখজনক হলেও সত্য, দীর্ঘদিন এই জনগোষ্ঠী তাদের আদি পেশার কর্ম থেকে বঞ্চিত ছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দরিদ্রবান্ধব প্রধানমন্ত্রী গণত্রন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধু তনয়া উন্নত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে হতদরিদ্র হরিজনদের জীবনমান উন্নয়নে পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগে ৮০% কোটা নির্দেশনা প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই নির্দেশনা অনুযায়ী কৃষি মন্ত্রণালয়ের অধীনস্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে ৮০% জাত হরিজনদের নিয়োগ বাস্তবায়ন করাতে আমরা দেশের গরীব পিছিয়ে পড়া জনগোষ্ঠী আজ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের পক্ষে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
উল্লেখ্য, সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে তৃতীয় ও চতুর্থী শ্রেণীর কর্মচারিদের নিয়োগ প্রদান করা হয়েছে। এতে ২৬৯টি পদে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেয়া হয় যার মধ্যে ২০৬টি পদে জাত হরিজনরা নিয়োগ পান।
সংশ্লিষ্টরা জানান, পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগের জন্য ৮০ শতাংশ কোটা দেশের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী হরিজনদের জন্য সংরক্ষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা রয়েছে। ডিএইতে হরিজনদের এ নিয়োগের মাধ্যমে প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে বলেও উল্লেখ করেন তারা।

