গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের বাসন সড়ক এলাকায় মীম গ্রুপের আলেমা টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ কাপড়, মেশিনপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস বিভাগ জানায়, বাসন সড়ক এলাকায় অবস্থিত এই কারখানাটির ৯ম তলা ভবনের অষ্টম তলায় ফিনিসিং সেকশনে সোমবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। মুহূর্তে আগুন সমস্ত ফ্লোরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরাসহ বিভিন্ন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। কিন্তু পানি সঙ্কটের কারণে আগুন নেভাতে দেখা দেয় বিপত্তি। পরে শ্রমিক ও স্থানীয়দের সহায়তায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ওই ফ্লোরে রাখা রপ্তাইনযোগ্য বিপুল পরিমাণ তৈরি পোশাক এবং মেশিনপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন কারখানার শ্রমিকরা।
অগ্নিকাণ্ডের ঘটনাটি কারখানা ছুটির পর ঘটায় ভেতরে কেউ আটকা পড়েনি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও কারখানা কর্তৃপক্ষ।
আগুনে কেউ হতাহত হয়নি জানিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. মোজাম্মেল হক বলেন, ‘কারখানায় আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন করা হবে। কমিটি তদন্ত সাপেক্ষে বিষয়গুলো নিষ্পত্তি করবে।’

