গাজীপুর প্রতিনিধি : জেলায় কারখানার কর্মকর্তার দায়ের করা মামলায় তানিয়া খাতুন লাকি (২৬) নামে এক নারী শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের বড়বাড়ি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তানিয়া গাজীপুর বোর্ডবাজার এলাকার ডিউ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান জানান, গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় ডিউ ফ্যাশন লিমিটেড কারখানায় গত ২২ ফেব্রুয়ারি মারামারির ঘটনা ঘটে। এ সময় ওই কারখানার শ্রমিক নেতা তানিয়া খাতুন লাকিসহ শ্রমিকরা কারখানার প্রশাসনিক কর্মকর্তা রবিউল আলমকে মারপিট করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় রবিউল আলম বাদী হয়ে ওইদিন জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কারখানার ৩০ শ্রমিকের নাম উল্লেখ এবং অজ্ঞাত বেশ কিছু শ্রমিককে আসামি করা হয়। মামলার ১ নম্বর আসামি ছিলেন তানিয়া খাতুন লাকি। এ ঘটনায় তানিয়া খাতুন লাকিকে গ্রেপ্তার করা হয়েছে।

