নিজস্ব প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বে জঙ্গিবাদের উত্থানকে যেভাবে প্রতিহত করা হয়েছে, তা বিশ্বে ব্যাপকভাবে প্রশংশিত হয়েছে। তিনি বলেন, প্রত্যেকটি হত্যাকাণ্ডের তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।
আজ রবিবার দুপুরে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের উদ্যোগে ‘দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।
মূল প্রবন্ধের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে মোমেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি এবং বাংলাদেশ মেডিকেল এসোশিয়েশনের মহাসচিব ড. ইকবাল আর্সনাল ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফাকচারার্স এসোসিয়েশন (বিজিএমইএ)’র সহ-সভাপতি মো. ফারুক হাসান প্রমূখ।
আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিলের পরিচালনায় সেমিনারে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বক্তব্য দেন।
সেমিনারে তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, প্রযুক্তিসহ প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি সাধিত হয়েছে। দেশ নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
২০১৯ সালের আগেই দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ বর্তমান বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।
তোফায়েল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালনার জন্যই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানিয়ে জাতীয় পতাকাকে কলংকিত করেছিল। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করে জাতিকে কলংকমুক্ত করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।
ড. মশিউর রহমান তার মূল প্রবন্ধে দারিদ্র্য বিমোচন, উন্নয়নের গুণগত অর্জন, শিক্ষার উন্নয়ন, সামাজিক ও জীবনধারণের মান উন্নয়ন, জনমিতিক ডিভিডেন্ডসহ অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রের তুলনামূলক চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, বিশ্বে উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধি হিসেবে কাজ করছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের অসাধারণ নেতৃত্বের জন্যই এ বিরল অর্জন সম্ভব হয়েছে।

