নাটোর প্রতিনিধি : জেলার গুরুদাসপুর উপজেলা বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকা থেকে একটি ভোজ্য তেলবাহী ট্রাক তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (৪ মে) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা এলাকায় তাদের আটক করা হয়। এ সময় ট্রাকটি ( ঢাকা মেট্রো-ট-১৪-১৬৫৪) জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- ট্রাক চালক রাজশাহীর রাজপাড়া থানার লক্ষিপুর ঘোষমহল এলাকার মৃত নশু শেখের ছেলে সেলিম শেখ (৪৪), একই থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মাইনুল ইসলামের ছেলে হাসান আলী (২৭) ও বাঘা থানার গাঁওপাড়া গ্রামের একাব্বর আলীর ছেলে কালু সরদার (৩৫)।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, আটককৃতরা চট্টগ্রাম থেকে ভোজ্যতেল সয়াবিন বোঝাই একটি ট্রাক নিয়ে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ট্রাক তল্লাশি করে চালকের সিটের নিচ থেকে ৪ প্যাকেট ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে গুরুদাসপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোবারক হোসেন ও বড়াইগ্রাম সার্কেলের এএসপি শফিকুল ইসলামের উপস্থিতিতে উদ্ধারকৃত ইয়াবা প্যাকেট গণনা করে ৪০ হাজার পিস ট্যাবলেট পাওয়া যায়। এ সময় ট্রাকটি ( ঢাকা মেট্রো-ট-১৪-১৬৫৪) জব্দ করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম হোসেন জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

