ঝিনাইদহ প্রতিনিধি : জেলার শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়ীয়া গ্রাম থেকে ডাকাতি করে পালানোর সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-শৈলকুপা উপজেলার তামিনগর গ্রামের কুবাদ আলীর ছেলে সুমন আলী (১৭), রয়েড়া গ্রামের আতিয়ার মল্লিকের নাহিদ মল্লিক (১৮), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে শুভ আহম্মেদ (১৮) ও নুরাল শেখের ছেলে সুমন হোসেন (১৪)।
আটককৃত সুমন আলী, শুভ আহম্মেদ শৈলকুপা সিটি কলেজের একাদশ শ্রেণিরছাত্র, নাহিদ মল্লিক বিএলকে কারিগরি মহাবিদ্যালয়ের এইচএস সি পরীক্ষার্থী ও সুমন রয়েড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, বুধবার ভোররাতে খড়িবাড়ীয়া গ্রামের নিমাইয়ের বাড়িতে ৭/৮ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। সে সময় তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ডাকাতির খবর পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিয়ে ডাকাতদলকে ধাওয়া করে। এ সময় পুলিশ ও এলাকাবাসী ৪ ডাকাতকে লুট করা ৬৩ হাজার ৮শ টাকা ও ৩টি স্বর্ণের কানের দুলসহ আটক করে।
আটকৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

