নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সাম্প্রদায়িক বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
সোমবার (২ মে) সন্ধ্যায় ধানমন্ডিতে দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এর আগে দলের কেন্দ্রীয় কাউন্সিলকে সফল করার লক্ষ্যে সাংস্কৃতিক উপ-কমটির এক সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদ সম্মেলনে সাম্প্রতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে নূর বলেন, ‘উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি একটি জঙ্গীবাদী গোষ্ঠি দেশের সামাজিক-সাংস্কৃতিক কর্মী, লেখক-প্রকাশদেরকে হত্যা করছে। বাংলাদেশে সাম্প্রদায়িক বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, কোনোভাবেই এ শক্তির মাথাচাড়া দেয়ার সুযোগ নেই বাংলাদেশে।’
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদের মোকাবিলায় সাংস্কৃতিক চর্চা প্রয়োজন। কিন্তু চর্চার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। সাংস্কৃতিক চর্চায় সরকারি কতগুলো প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর পাশাপাশি সমাজের বিভিন্ন পেশার মানুষকে সাংস্কৃতি চর্চায় এগিয়ে আসতে হবে।’
কাউন্সিলে সাংস্কৃতিক আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিত হবে দলের ২০তম জাতীয় কাউন্সিল। কাউন্সিলের সাংস্কৃতিক অনুষ্ঠানে দলের অর্জন, সংগ্রাম, ত্যাগের প্রতিফল ঘটনো হবে।’
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থতি ছিলেন- উপকমিটির সদস্য সচিব চয়ন ইসলাম, সদস্য লিয়াকত আলী লাকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি কাজী রোজী, আসলাম সানী, চলচ্চিত্র অভিনেতা ফারুক, মনোরঞ্জন ঘোষাল ও এস এম মহসীন প্রমুখ।

