লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে মাছধরার নৌকা ডুবে সাহেদ আলী মাঝি (৩৩) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।
রোববার রাতে উপজেলার চর আব্দুল্লা ইউনিয়নের কামালবাজার এলাকার অদূরে মেঘনা নদীতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মাছধরার একটি নৌকা ডুবে নিখোঁজ হন তিনি। নিখোঁজ জেলে সাহেদ আলী মাঝি ওই এলাকার রুহুল আমিনের ছেলে।
স্থানীয় কামাল বাজার এলাকার বাসিন্দা মো. তছলীম জানান, রাত ৮টার দিকে সাহেদ মাঝি দুই জেলেকে নিয়ে মেঘনা নদীর চরগাসিয়া এলাকায় মাছ শিকার করে ঘাটে ফিরছিলেন। ওই সময় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তার নৌকাটি নদীতে ডুবে গেলে তিন জেলেই নিখোঁজ হন।
পরে স্থানীয় জেলেরা অনেক খোঁজাখুঁজি করে রাতেই আবদুল করিম (২৬) ও মো. বাতেনকে (২২) নদী থেকে জীবিত উদ্ধার করেন। কিন্তু অপর জেলে সাহেদ আলীর এখন পর্যন্ত খোঁজ মেলেনি। নিখোঁজ জেলে সাহেদ আলীর সন্ধানে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে মাইকিং করা হচ্ছে বলেও জানান তিনি।
চর আব্দুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

